অক্সফোর্ডে স্নাতকে স্কলারশিপ, মিলবে টিউশন ফি ও মাসিক উপবৃত্তি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ’। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য দেওয়া এ স্কলারশিপে বাংলাদেশসহ অন্যান্য যোগ্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ কোর্স ফি, জীবনযাত্রার খরচের জন্য উপবৃত্তি এবং প্রতিবছর যাতায়াতের বিমান টিকিট দেওয়া হবে।

২০২৭ শিক্ষাবর্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তির মূল আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। আর রিচ অক্সফোর্ড স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

রাজনৈতিক, অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগের সীমাবদ্ধতার কারণে নিজ দেশে উচ্চশিক্ষার সুযোগ না পাওয়া নিম্ন আয়ের দেশের মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যেই এ স্কলারশিপ দেওয়া হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থিত। ইংরেজিভাষী বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির শিক্ষাদান ও গবেষণার ইতিহাস প্রায় এক হাজার বছরের।

যেসব সুবিধা মিলবে

রিচ অক্সফোর্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা—

  • সম্পূর্ণ কোর্স ফি মওকুফের সুযোগ পাবেন;
  • জীবনযাত্রার খরচ মেটাতে উপবৃত্তি পাবেন;
  • প্রতিবছর নিজ দেশ থেকে অক্সফোর্ডে যাওয়া ও ফেরার বিমান টিকিট পাবেন;
  • কোর্সের মেয়াদ অনুযায়ী তিন থেকে চার বছর পর্যন্ত স্কলারশিপের সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে—

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং ভর্তি হতে হবে;
  • সংশ্লিষ্ট কোর্সের ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে;
  • অত্যন্ত ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে;
  • পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে;
  • যারা আগে কোনো স্নাতক পর্যায়ের ডিগ্রি সম্পন্ন করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

রিচ অক্সফোর্ড স্কলারশিপের আবেদন অনলাইনে করতে হবে। তবে স্কলারশিপের আবেদন করার আগে ২০২৭ শিক্ষাবর্ষে অক্সফোর্ডের সংশ্লিষ্ট স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

স্নাতক ভর্তির আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।

রিচ অক্সফোর্ড স্কলারশিপের আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৭।

আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে