হজযাত্রীদের জন্য ‘Labbaik’ মোবাইল অ্যাপ চালু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

হজযাত্রীদের যাত্রা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘Labbaik’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও তথ্য এক জায়গা থেকে পাওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে সহায়তাও নিতে পারবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য নাম ও হজ নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর প্রয়োজন হবে। ওটিপি যাচাইয়ের পর চার ডিজিটের পিন সেট করে অ্যাকাউন্ট তৈরি করা যাবে। একজন হজযাত্রী পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে আমন্ত্রণ জানিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন। গেস্ট ইউজার হিসেবেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

অ্যাপটিতে জরুরি সহায়তার জন্য রয়েছে এসওএস বাটন। কোনো হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে এই সুবিধার মাধ্যমে দ্রুত সহায়তা চাওয়া যাবে। এছাড়া নামাজের সময়সূচি, দৈনিক হজের সিডিউল, আবহাওয়ার পূর্বাভাস, আবাসন ও ফ্লাইটের তথ্য এবং লাগেজের সীমা জানা যাবে।

অ্যাপের লোকেশন ট্র্যাকিং সুবিধার মাধ্যমে হজযাত্রীরা নিজেদের ও দলের অন্য সদস্যদের অবস্থান জানতে পারবেন। পরিবারের সদস্যরাও হজযাত্রীর অবস্থান ট্র্যাক করতে পারবেন। মিনা ও আরাফার তাঁবুর অবস্থানও অ্যাপে দেখা যাবে।

এতে হজ প্রি-পেইড কার্ডের ব্যালান্স দেখার সুবিধাও রয়েছে। পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি আরবের হাসপাতালের তথ্য পাওয়া যাবে।

হজযাত্রীদের জন্য গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ, কোরআন ও হাদিসের লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ এবং হজ ও ওমরাহ বিষয়ক সহায়িকাও অ্যাপটিতে যুক্ত করা হয়েছে। ফলে হজের আগে ও চলাকালে প্রয়োজনীয় তথ্য ও সেবা দ্রুত পাওয়ার একটি সমন্বিত মাধ্যম হিসেবে অ্যাপটি ব্যবহার করা যাবে।