এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ; কবে থেকে চালু?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
মধ্যপ্রাচ্যের ছয় দেশে এক ভিসায় ভ্রমণের সুযোগ আসছে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) চালু করতে যাচ্ছে ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকেরা একটি ভিসা নিয়েই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে ভ্রমণ করতে পারবেন। ইউরোপের সেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া এ ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের পর্যটনে বড় পরিবর্তন আনতে পারে।
জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে জানান, একীভূত পর্যটন ভিসাটি শিগগিরই চালু হবে। তবে ঠিক কবে থেকে এটি কার্যকর হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। ভিসার খরচ, মেয়াদ ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিতও প্রকাশ করা হয়নি।
যেভাবে এলো এক ভিসার উদ্যোগ
২০২৩ সালের অক্টোবরে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের বৈঠকে একীভূত পর্যটন ভিসার প্রস্তাব অনুমোদন করা হয়। একই বছরের নভেম্বরে জিসিসির স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে সম্মতি দেন।
এরপর ২০২৫ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মাররি জানান, একীভূত ভিসাটি অনুমোদিত হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তাঁর মতে, এ উদ্যোগ উপসাগরীয় অঞ্চলকে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও সহজ হবে উপসাগরীয় ভ্রমণ
আল-বুদাইউই জানান, উপসাগরীয় দেশগুলোর মধ্যে মানুষের চলাচল সহজ করতে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ‘সিঙ্গেল-পয়েন্ট এয়ার ট্রাভেল’ প্রকল্প।
এ ব্যবস্থায় যাত্রীরা বাহরাইনে পাসপোর্ট ও অভিবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আবুধাবি, দুবাই বা শারজাহে পৌঁছে পুনরায় অভিবাসন প্রক্রিয়ার মুখোমুখি হবেন না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এ ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।
তবে ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ এবং ‘সিঙ্গেল-পয়েন্ট এয়ার ট্রাভেল’ দুটি আলাদা উদ্যোগ। একীভূত পর্যটন ভিসাটি বিদেশি পর্যটকদের জন্য ছয় দেশে ভ্রমণ সহজ করবে। অন্যদিকে সিঙ্গেল-পয়েন্ট এয়ার ট্রাভেল মূলত উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করার উদ্যোগ।
কবে থেকে চালু?
জিসিসি মহাসচিবের ঘোষণা অনুযায়ী, ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হওয়ার কথা। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো উদ্বোধনের তারিখ জানানো হয়নি। ভিসার আবেদন পদ্ধতি, ফি ও মেয়াদ সম্পর্কেও আনুষ্ঠানিক বিস্তারিত প্রকাশের অপেক্ষা রয়েছে।



