জাপানে দক্ষ পেশাজীবী হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে দেশটির বিশেষায়িত প্রশিক্ষণ কলেজ সেনসু গাক্কো। ব্যবহারিক প্রযুক্তি ও পেশাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকার এমইএক্সটি (MEXT) স্কলারশিপের আওতায় এসব প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিয়ে জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।
সেনসু গাক্কোতে সাধারণত প্রথমে এক বছরের প্রস্তুতিমূলক শিক্ষা দেওয়া হয়। এ পর্যায়ে জাপানি ভাষা ও প্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হয়। এরপর দুই বছরের বিশেষায়িত প্রশিক্ষণ কলেজে পড়াশোনা করতে হয়। কোর্স সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা অর্জন করেন।
ভালো ফলাফল করা শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগও পেতে পারেন।
এমইএক্সটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক প্রায় ১ লাখ ১৭ হাজার ইয়েন ভাতা পান। পাশাপাশি টিউশন ফি, ভর্তি পরীক্ষার ফি মওকুফ এবং যাতায়াতের জন্য রাউন্ড-ট্রিপ বিমান ভাড়ার সুবিধাও দেওয়া হয়।
এই স্কলারশিপের জন্য আবেদনকারীদের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর জন্ম ২০০২ সালের ২ এপ্রিল বা তার পরে হতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাও প্রয়োজন।
নির্বাচন প্রক্রিয়ায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি যাচাই, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, জাপান দূতাবাসের সুপারিশ এবং এমইএক্সটি কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন অন্তর্ভুক্ত।
প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ব্যবসা, পর্যটন, ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকায় জাপানের এই শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীরা জাপানের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও দক্ষ পেশাজীবী হিসেবে কাজের সুযোগ তৈরি করতে পারেন।