চিভনিং স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন শুরু
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবারও খুলেছে যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এ কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে এক বছরের পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। নেতৃত্বগুণ, প্রভাব বিস্তার এবং স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার আগ্রহ রয়েছে—এমন শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
আবেদনের আগে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে চিভনিং-যোগ্য ও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ)-যোগ্য দেশের নাগরিক হতে হবে। বৃত্তি শেষ হওয়ার পর অন্তত দুই বছর বাংলাদেশে ফিরে থাকার শর্ত রয়েছে।
প্রার্থীর কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা মোট ২ হাজার ৮০০ ঘণ্টার সমান। পাশাপাশি যুক্তরাজ্যে মাস্টার্সে ভর্তির উপযোগী স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন শেষ হওয়ার অন্তত দুই বছর আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
চিভনিং বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে যুক্তরাজ্যের তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনটি মাস্টার্স কোর্সে আবেদন করতে হবে। এর মধ্যে অন্তত একটি কোর্সে নিঃশর্ত অফার পেতে হবে।
যেভাবে আবেদন
বাংলাদেশি শিক্ষার্থীদের চিভনিংয়ের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে যোগ্যতা যাচাইয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। যোগ্যতা পূরণ করলে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার পাশাপাশি তিনটি উপযুক্ত মাস্টার্স কোর্সে আবেদন করতে হবে।
সাক্ষাৎকারের জন্য শর্টলিস্ট হলে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর মধ্যে ছবি, স্নাতক সনদ ও রেফারেন্স লেটার রয়েছে। সাক্ষাৎকারের অন্তত সাত কার্যদিবস আগে এসব নথি আপলোড করতে হবে।
আবেদন শুরুর তারিখ
২০২৭-২৮ শিক্ষাবর্ষের চিভনিং স্কলারশিপের আবেদন ৪ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আগে নির্ধারিত সব যোগ্যতা ও শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।



