জার্মানির অপরচুনিটি কার্ডে ৮ দেশের নাগরিকদের ভিসা লাগবে না
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ তৈরি করা নতুন ভিসা ব্যবস্থা ‘অপরচুনিটি কার্ড’-এ বিশেষ সুবিধা পাচ্ছেন আট দেশের নাগরিকরা। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের জার্মানিতে যাওয়ার আগে ভিসা নিতে হবে।
তবে ভিসামুক্ত প্রবেশের অর্থ এই নয় যে জার্মানিতে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে অপরচুনিটি কার্ড পাওয়া যাবে। আবেদনকারীদের জার্মান সরকারের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
জার্মানিতে প্রবেশের পর প্রথমে বাসস্থানের ঠিকানা নিবন্ধন করতে হয়। সাধারণত দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর ৯০ দিনের মধ্যে স্থানীয় অভিবাসন দপ্তরে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। বড় শহরগুলোতে সাক্ষাতের সময় পেতে দেরি হতে পারে বলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। তাদের জার্মানিতে যাওয়ার আগেই অপরচুনিটি কার্ডের ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ছাড়া জার্মানিতে প্রবেশ করে পরে অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করার সুযোগ নেই।
অপরচুনিটি কার্ড মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দক্ষ কর্মীদের জন্য চালু করা হয়েছে। আগে থেকেই চাকরির চুক্তি না থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করলে এই কার্ডের মাধ্যমে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। সাধারণত কার্ডটি এক বছরের জন্য দেওয়া হয়।
অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য দুটি পথ রয়েছে। প্রথমত, আবেদনকারীর জার্মানিতে স্বীকৃত বিদেশি ডিগ্রি বা পেশাগত যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়ত, পয়েন্টভিত্তিক ব্যবস্থায় অন্তত ৬ পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, ভাষাজ্ঞান, বয়স ও কাজের অভিজ্ঞতার মতো বিষয় পয়েন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে শুধু যোগ্যতা পূরণ করলেই অপরচুনিটি কার্ড পাওয়া যায় না। আবেদনকারীকে জার্মানিতে থাকা ও চাকরি খোঁজার সময় নিজের খরচ বহনের মতো আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। সরকারি তথ্য অনুযায়ী, মাসে অন্তত ১ হাজার ৯১ ইউরো সমপরিমাণ অর্থের ব্যবস্থা থাকার প্রমাণ দেখাতে হবে।
অপরচুনিটি কার্ডধারীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করতে পারবেন। পাশাপাশি সম্ভাব্য চাকরির জন্য নিজেদের উপযুক্ততা যাচাই করতে পরীক্ষামূলক কাজের সুযোগও রয়েছে।
জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের আকৃষ্ট করাই অপরচুনিটি কার্ড চালুর অন্যতম লক্ষ্য। তবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নির্দিষ্ট আট দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে অপরচুনিটি কার্ডের জন্য আগে থেকেই ভিসা নেওয়া বাধ্যতামূলক।



