আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের চার বছরের সীমা স্থগিত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য কঠোর ভিসা নীতি চালু করতে চেয়েছিল। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভিসায় চার বছরের বেশি থাকা যাবে না। বিদেশি সাংবাদিকদের জন্য নির্ধারিত সময় ছিল মাত্র ২৪০ দিন। তবে কার্যকর হওয়ার আগেই ফেডারেল আদালত নীতিটি স্থগিত করেছে।

বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এফ ডেনিস সেলর সোমবার এ আদেশ দেন। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় কোটি কোটি শিক্ষার্থী ও গবেষক আমেরিকার অর্থনীতি ও উচ্চশিক্ষায় বড় অবদান রেখেছেন। নতুন নীতি কার্যকর হলে তা বিপর্যয়কর হতে পারে।

২০২৫ সালের আগস্টে প্রস্তাবিত নীতির আওতায় পড়তেন প্রায় ১৬ লাখ এফ ভিসাধারী শিক্ষার্থী এবং পাঁচ লাখ জে ভিসাধারী গবেষণা ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী। ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল, জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতি ঠেকাতে এ পদক্ষেপ জরুরি। তবে বিচারক বলেছেন, এ যুক্তি দুর্বল।

এদিকে ট্রাম্প প্রশাসনের আরেকটি নীতি, ‘পাবলিক চার্জ’ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। নতুন নিয়মে গ্রিন কার্ড আবেদনকারীরা যদি সরকারি সুবিধা গ্রহণ করেন, তবে তাদের আবেদন বাতিল করা যাবে। এতে অভিবাসী পরিবারগুলো স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তার মতো কর্মসূচি থেকে দূরে সরে যেতে বাধ্য হবে।

নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়সহ ২২টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি এ নীতির বিরুদ্ধে মামলা করেছে। বাদীদের যুক্তি, স্থায়ী বসবাসের যোগ্যতা নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের। ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজেরাই নতুন নীতি কার্যকর করতে চাইছে।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, এ নীতির লক্ষ্য অভিবাসী পরিবারগুলোকে খাদ্য ও স্বাস্থ্যসেবা থেকে দূরে সরিয়ে দেওয়া। মামলাগুলোতে বলা হয়েছে, বৈধ সরকারি সুবিধা গ্রহণের কারণে কারও স্থায়ী বসবাসের আবেদন বাতিল করা বেআইনি।