অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা কমানোর প্রস্তাব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। আগামী তিন বছরে অভিবাসন ৭ লাখ ৫০ হাজার কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে দলটি। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় পরিবর্তন আসতে পারে।
অস্ট্রেলিয়ার এবিসি নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ওয়ান নেশনের প্রস্তাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার সংখ্যা বর্তমান প্রায় ৫ লাখ ৯০ হাজার থেকে কমিয়ে ৩ লাখ ৫০ হাজার করার কথা বলা হয়েছে।
পাশাপাশি পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় থেকে কাজ করার সুযোগও ব্যাপকভাবে কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ ধরনের সুযোগ পাওয়া মানুষের সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার হলেও তা কমিয়ে ৪০ হাজারে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের পরিবারের সদস্যদের জন্য ভিসা শূন্যে নামিয়ে আনার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বা দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় গেলেও তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার সুযোগ বন্ধ করার কথা বলা হয়েছে।
কিছু বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণেও কঠোরতা আনার প্রস্তাব দিয়েছে ওয়ান নেশন। অ্যাকাউন্টিং, তথ্যপ্রযুক্তি (আইটি) ও ব্যবসার মতো বিষয়ে শিক্ষার্থী সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। বিপরীতে পিএইচডি, বিজ্ঞান, প্রকৌশল ও উন্নত প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে পড়তে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।
তবে ওয়ান নেশনের এই পরিকল্পনা এখনো প্রস্তাব মাত্র। এটি অস্ট্রেলিয়ার বর্তমান স্টুডেন্ট ভিসা বা অভিবাসন নীতি নয়। দেশটির সরকার ও বিরোধী রাজনীতিকদের কয়েকজন প্রস্তাবটির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
অস্ট্রেলিয়াগামী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে তাই প্রস্তাবিত পরিবর্তন এবং কার্যকর সরকারি নীতির মধ্যে পার্থক্য রাখা গুরুত্বপূর্ণ। ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ট্রেলিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ নিয়ম ও নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।



