মাধ্যমিক শিক্ষার্থীদের আমেরিকায় পড়াশোনার সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বাংলাদেশি মাধ্যমিক শিক্ষার্থীদের আমেরিকায় পড়াশোনার সুযোগ নিয়ে এসেছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (KL-YES) প্রোগ্রাম ২০২৭। সেমিস্টারভিত্তিক এ বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সাথে থেকে পড়াশোনা এবং স্থানীয় হাইস্কুলে ক্লাস করার সুযোগ পাবেন। পাশাপাশি নেতৃত্বগুণ উন্নয়ন, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং আমেরিকার শিক্ষা, ব্যবসা ও উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ থাকবে।

প্রোগ্রামটির জন্য আবেদন গ্রহণ চলছে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা (BST) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

যাদের জন্য

আবেদনকারীর বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে। জন্মতারিখ হতে হবে ১৫ জানুয়ারি ২০১০ থেকে ১৫ জানুয়ারি ২০১২-এর মধ্যে। আবেদনকারীকে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে। কোচিং সেন্টার বা প্রাইভেট শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন না।

বাংলাদেশের হাইস্কুল বা কলেজের ৮ম, ৯ম, ১০ম অথবা ১১শ শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৪, ২০২৫ ও ২০২৬—এই তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো গ্যাপ ইয়ার বা একই শ্রেণিতে পুনরায় পড়াশোনার রেকর্ড থাকা যাবে না।

শিক্ষার্থীর ফলাফলে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং কোনো বিষয়ে ফেল করা যাবে না।

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীর ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে, যাতে আমেরিকায় পড়াশোনা ও দৈনন্দিন যোগাযোগ করতে পারেন।

গত পাঁচ বছরের মধ্যে আমেরিকায় ৯০ দিনের বেশি অবস্থান করা শিক্ষার্থীরা এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বাবা-মায়ের কেউ আমেরিকান দূতাবাস বা মিশনে কর্মরত থাকলেও আবেদন করা যাবে না।

এ ছাড়া পরিবারের পক্ষ থেকে আমেরিকায় অভিবাসনের আবেদন করা থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আবেদনকারীদের আমেরিকার J-1 ভিসার যোগ্যতা পূরণ করতে হবে। দ্বৈত নাগরিক বা অন্য কোনো দেশের স্থায়ী বাসিন্দারাও আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশে বসবাসকারী হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য আমেরিকান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।