ভুয়া কূটনীতিক সেজে প্রতারণা, সতর্ক করল আমেরিকান দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ভুয়া কূটনীতিক পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় আমেরিকান দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকার কূটনীতিকদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খুলে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারকরা আমেরিকার কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে। পরে অর্থ, গিফট কার্ড, ব্যাংকসংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাওয়া হচ্ছে।

আমেরিকান দূতাবাস জানিয়েছে, দূতাবাসের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চান না।

এ ধরনের সন্দেহজনক অ্যাকাউন্ট, পেজ বা বার্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। কেউ আমেরিকার কূটনীতিক পরিচয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইলে তা প্রতারণার অংশ হতে পারে।

দূতাবাস আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তা বা কূটনীতিকের পরিচয় ব্যবহার করা হলেও তা সত্যিকারের অ্যাকাউন্ট কি না, যাচাই না করে কোনো ধরনের অর্থ বা ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।