মালয়েশিয়ায় ভিজিট ভিসায় কাজের প্রমাণ মিললে জেল-জরিমানা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মালয়েশিয়ায় সোশ্যাল ভিজিট পাস বা পর্যটন ভিসায় গিয়ে কাজ কিংবা ব্যবসা করলে বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, সোশ্যাল ভিজিট পাস নিয়ে দেশটিতে প্রবেশ করা বিদেশিরা কোনো ধরনের চাকরি বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না।

আইন অমান্য করে কাজ বা ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

শাস্তির পাশাপাশি ওই ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক।

বৈধ কাজের সুযোগ দেওয়ার প্রস্তাব

এদিকে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা নর্থ সাউথ ইনিশিয়েটিভের পরিচালক অ্যাড্রিয়ান পেরেইরা বলেছেন, শুধু শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বিদেশিদের বৈধভাবে কাজ বা ব্যবসার সুযোগ দিতে বিশেষ ধরনের ভিসা চালু করা যেতে পারে।

তার মতে, এ ধরনের ব্যবস্থা চালু হলে বিদেশিদের ছোট ব্যবসাগুলো বৈধ ও করযোগ্য করা সম্ভব হবে। একই সাথে অবৈধ বা গোপন ব্যবসার সুযোগও কমবে।

তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করেছে, সোশ্যাল ভিজিট পাসের শর্ত ভঙ্গ করে কাজ বা ব্যবসা করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।