জার্মানির বিশ্ববিদ্যালয়ে ১৮ শতাংশই বিদেশি শিক্ষার্থী

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১৮ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। সংখ্যায় যা ৫ লাখ ১৬ হাজারের বেশি।

দেশটির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার প্রায় ২৪ হাজার বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর হার ছিল মাত্র ৯ শতাংশ। অর্থাৎ প্রায় তিন দশকে এ হার দ্বিগুণ হয়েছে।

ভারত থেকে শিক্ষার্থী সবচেয়ে বেশি

শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান উইসেনশাফট ভেলটোফেনের বিশ্লেষণ অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জার্মানিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসছেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে ভারত থেকে প্রায় ৫৮ হাজার শিক্ষার্থী জার্মানিতে পড়তে গেছেন। এরপর চীন থেকে ৩৯ হাজার, তুরস্ক থেকে ২১ হাজার, ইরান থেকে ১৭ হাজার এবং অস্ট্রিয়া থেকে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী গেছেন।

প্রকৌশলে আগ্রহ বেশি

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও বৈচিত্র্য রয়েছে। প্রায় ৩৫ শতাংশ শিক্ষার্থী ব্যাচেলর ডিগ্রিতে এবং ৪৭ শতাংশ মাস্টার্স পর্যায়ে ভর্তি হয়েছেন।

বিষয়ভিত্তিক হিসাবে প্রকৌশল সবচেয়ে জনপ্রিয়। বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৪৩ শতাংশ প্রকৌশল বিষয়ে পড়ছেন। এ ছাড়া আইন, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ে পড়ছেন প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থী।

তুলনামূলক কম খরচে পড়াশোনা

উচ্চশিক্ষার জন্য জার্মানি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিকল্প হিসেবেও অনেকে জার্মানিকে বেছে নিচ্ছেন।

এর অন্যতম কারণ তুলনামূলক কম শিক্ষাব্যয়। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক প্রোগ্রামে টিউশন ফি নেই বা তুলনামূলক কম। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বছরে প্রায় ৫ হাজার থেকে ২০ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।