আইরিশ সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন পরিকল্পনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

আইরিশ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলটির দাবি, নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে বিপজ্জনক অপরাধীরা ব্রিটেনে প্রবেশ করছে। এ কারণে বাস ও ট্রেনে ভ্রমণকারীদের ওপর আকস্মিক তল্লাশি বা স্পট চেক চালুর প্রস্তাব দিয়েছে দলটি।

রিফর্ম ইউকের এমপি ড্যানি ক্রুগার জানিয়েছেন, পরিবহন কোম্পানিগুলোকে অবৈধ যাত্রী পরিবহনের জন্য প্রতিটি ক্ষেত্রে ১০ হাজার পাউন্ড জরিমানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অর্থ অভিবাসীদের ফেরত পাঠানো এবং সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারে ব্যবহার করা হবে।

ক্রুগার বলেন, “অবৈধ ও অপরীক্ষিত অপরাধীরা সীমান্তের নরম অবস্থাকে ব্যবহার করছে। তারা এটিকে যুক্তরাজ্যে প্রবেশের পেছনের দরজা বানিয়েছে।”

তার দাবি, অবৈধ প্রবেশের বেশির ভাগ ঘটনা নির্ধারিত কোচ বা ট্রেনের মাধ্যমে ঘটে। এসব যান কয়েকটি নির্দিষ্ট পরিবহনকেন্দ্রে পৌঁছায়।

প্রস্তাব অনুযায়ী, বেলফাস্ট, নিউরি, ব্যানব্রিজ ও স্প্রুসফিল্ডের মতো পরিবহনকেন্দ্রে অভিবাসন কর্মকর্তারা আকস্মিকভাবে যাত্রীদের পরীক্ষা করবেন। তবে রিফর্ম ইউকে বলছে, এর মাধ্যমে সীমান্তে স্থায়ী চেকপোস্ট বসানো হবে না। বরং পরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় এ ধরনের পরীক্ষা নিশ্চিত করতে হবে।

ডিইউপি সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রিফর্ম ইউকে। দলটির দাবি, সীমান্তে নরম নীতি অব্যাহত থাকলে অবৈধ অভিবাসন আরও বাড়তে পারে। তাই জরিমানা ও আকস্মিক পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

দলটি বলছে, জরিমানা থেকে পাওয়া অর্থ অভিবাসীদের ফেরত পাঠানোর কাজে ব্যবহার করা হবে। একই সাথে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারিও চালানো হবে।

রিফর্ম ইউকের এই প্রস্তাব ব্রিটেনের অভিবাসন নীতি নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। দলটি সীমান্তে স্থায়ী চেকপোস্ট না বসিয়েও পরিবহনকেন্দ্রিক পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছে। তবে সমালোচকদের দাবি, এ ধরনের ব্যবস্থা সাধারণ যাত্রীদের হয়রানি বাড়াতে পারে।