গ্রিন কার্ডের নামে প্রতারণা, ভুয়া নথিতে হতে পারে বড় বিপদ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

গ্রিন কার্ড, ভিসা বা কাজের অনুমতি দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার নামে প্রতারণা থেকে অভিবাসীদের সতর্ক করেছে আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)।

সংস্থাটি জানিয়েছে, কিছু ব্যক্তি দাবি করছেন, তাদের বিশেষ যোগাযোগ রয়েছে এবং তারা দ্রুত গ্রিন কার্ড, ভিসা বা কাজের অনুমতি করিয়ে দিতে পারবেন। তবে এ ধরনের প্রতিশ্রুতি ভুয়া হতে পারে।

ইউএসসিআইএস বলছে, আবেদনকারীদের কেবল সরকারি সূত্র ও অনুমোদিত আইনজীবীর কাছ থেকে তথ্য নেওয়া উচিত। কোনো ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান বা ওয়েবসাইটকে অর্থ দেওয়ার আগে তাদের বৈধতা যাচাই করা জরুরি। প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার পাশাপাশি ভুয়া নথি জমা দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

সংস্থাটির মতে, অভিবাসন প্রক্রিয়া জটিল হলেও এর নিয়ম নির্দিষ্ট। তাই আবেদনকারীদের ধৈর্য ধরে সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দ্রুত অনুমোদনের কোনো গোপন পথ বা শর্টকাট নেই।

প্রতারণার শিকার হলে শুধু অর্থ হারানোর ঝুঁকি নয়, আবেদনও ঝুঁকিতে পড়তে পারে। ভুয়া নথি জমা দেওয়ার কারণে আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউএসসিআইএস জোর দিয়ে বলেছে, ‘গ্যারান্টিযুক্ত দ্রুত অনুমোদন’ বলে কোনো ব্যবস্থা নেই। প্রতিটি আবেদন যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যায়। আবেদনকারীর যোগ্যতা, নিরাপত্তা এবং জমা দেওয়া নথির সত্যতা যাচাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের স্বপ্নকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। অনেকেই দ্রুত সুবিধা পাওয়ার আশায় ভুয়া দালালের হাতে অর্থ তুলে দেন। পরে তারা অর্থের পাশাপাশি নিজেদের আবেদন নিয়েও সমস্যায় পড়েন।

ইউএসসিআইএস নিয়মিত তাদের সরকারি ওয়েবসাইটে অভিবাসনসংক্রান্ত তথ্য ও হালনাগাদ প্রকাশ করে। আবেদনকারীদের সেখান থেকে তথ্য নেওয়া এবং প্রয়োজনে অনুমোদিত আইনজীবী বা পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।