নিউজিল্যান্ডে শিক্ষা শেষে বাড়ছে কাজের সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণের পাশাপাশি চালু হচ্ছে ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।

নতুন নিয়মে নির্দিষ্ট শর্ত পূরণ করে নিউজিল্যান্ডে পূর্ণকালীন লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এদিকে যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারবেন না, তাদের নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য নতুন শর্ট-টার্ম ওয়ার্ক ভিসার সুযোগ রাখা হয়েছে। এ ভিসার জন্য নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহের পূর্ণকালীন লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের যোগ্যতাসম্পন্ন কোর্স শেষ করতে হবে।

নতুন শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসায় সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে কাজ করা যাবে। আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ বহনের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।

তবে এই ভিসার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি একজন আবেদনকারী একবারের বেশি নিতে পারবেন না এবং এর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না। এ ছাড়া এই ভিসার আওতায় নিজস্ব ব্যবসা পরিচালনা করা যাবে না। সঙ্গী বা সন্তানদের জন্য নির্দিষ্ট ডিপেনডেন্ট ভিসার আবেদন করার সুযোগও থাকবে না।

নতুন দুই ধরনের ভিসার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা যাবে। নতুন নিয়মের ফলে নির্দিষ্ট যোগ্যতা অর্জনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার পর নিউজিল্যান্ডে কাজের সুযোগের পরিধি বাড়বে।