ইউরোপের যে ১০ দেশে শিক্ষার্থীদের পার্টটাইম কাজে বেশি আয়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ইউরোপ উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। পড়াশোনার পাশাপাশি অনেক দেশেই নির্দিষ্ট শর্তে খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমোদিত সময় ও ঘণ্টাপ্রতি মজুরিতে রয়েছে পার্থক্য।

শিক্ষার্থীদের জন্য পার্টটাইম কাজের সুযোগ ও আয়ের দিক থেকে ইউরোপের কয়েকটি দেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব দেশে পড়াশোনার পাশাপাশি কাজ করে জীবনযাত্রা ও শিক্ষার কিছু খরচ সামলানোর সুযোগ রয়েছে।

আইসল্যান্ড: শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৬ থেকে ১৮ ইউরো। মাসে গড়ে আয় হতে পারে প্রায় ১ হাজার ৬০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।

নরওয়ে: সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৬ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ৪৯০ ইউরো বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

আয়ারল্যান্ড: শিক্ষাবর্ষে সপ্তাহে ২০ ঘণ্টা এবং নির্ধারিত ছুটির সময়ে ৪০ ঘণ্টা পর্যন্ত কাজ করা যায়। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৩ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ১৭০ ইউরো।

ডেনমার্ক: শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৪ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ১৩৮ ইউরো।

যুক্তরাজ্য: অধিকাংশ শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ পাউন্ড বা প্রায় ১৪ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো।

সুইডেন: শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টার সীমা নেই। তবে সাধারণত সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করা হয়। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ১১৩ ইউরো।

স্পেন: শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ৯ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ১১১ ইউরো।

জার্মানি: ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ১১১ ইউরো।

বেলজিয়াম: শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ৫৩ ইউরো।

লুক্সেমবার্গ: শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৮ ইউরো। মাসে গড়ে আয় প্রায় ১ হাজার ৮০ ইউরো।

কাজের পাশাপাশি পড়াশোনায় গুরুত্ব

ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ থাকলেও কর্মঘণ্টা ও আয় দেশভেদে আলাদা। তাই বিদেশে পড়তে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের কাজের অনুমতি, কর্মঘণ্টা, মজুরি এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মগুলো যাচাই করা গুরুত্বপূর্ণ।

পার্টটাইম কাজ শিক্ষার্থীদের দৈনন্দিন খরচে সহায়তার পাশাপাশি কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগও দিতে পারে। তবে কাজের কারণে যাতে পড়াশোনায় নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।