স্কলারশিপ নিয়ে কানাডায় স্নাতকে পড়ার সুযোগ

আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে (SFU) স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির বার্নাবি, সারে ও ভ্যাঙ্কুভারে তিনটি ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এখানে ১০০টির বেশি স্নাতক এবং ৪৫টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে। ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের সময়সীমা

স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা দুটি ধাপে নির্ধারণ করা হয়েছে—

  • ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬
  • ২৩ ডিসেম্বর ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৭

স্কলারশিপের সুযোগ-সুবিধা

যোগ্য শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে এ স্কলারশিপ দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত হয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • ন্যূনতম ৩০ ইউনিটের গ্রেডভিত্তিক কোর্স সম্পন্ন করা;
  • যে সেমিস্টারে আবেদন করা হবে, সেখানে অন্তত ১২ ইউনিটের নিয়মিত গ্রেডভিত্তিক কোর্সে নিবন্ধিত থাকা;
  • ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকা।

প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে—

  • একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;
  • পাসপোর্ট;
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);
  • ইংরেজি ভাষাদক্ষতার সনদ।

যেভাবে আবেদন করবেন

স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় শর্ত ও বিস্তারিত তথ্য জানতে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের সংশ্লিষ্ট স্কলারশিপ পেজ অনুসরণ করতে হবে।