অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ, টিউশন ফি ও জীবনযাত্রার খরচ দেবে স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়াশোনার জন্য ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ রয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য উইডেনফেল্ড-হফম্যান স্কলারশিপস অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশও এ স্কলারশিপের যোগ্য দেশের তালিকায় রয়েছে।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের পুরো কোর্স ফি দেওয়া হবে। পাশাপাশি জীবনযাত্রার খরচের জন্য বছরে কমপক্ষে ২১ হাজার ৮০৫ ব্রিটিশ পাউন্ড অনুদান দেওয়া হবে। বৃত্তিটি সংশ্লিষ্ট কোর্সের পুরো ফি প্রদানের সময়কাল পর্যন্ত বহাল থাকবে।
এ ছাড়া শিক্ষার্থীরা নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, দীর্ঘমেয়াদি পরামর্শ ও বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বৃত্তির আওতায় বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—ব্যাচেলর অব সিভিল ল (BCL), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA), পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন অ্যান্ড নেচার রিকভারি, সামাজিক নীতি, চীনা স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, শিক্ষা, এনার্জি সিস্টেমস, এনভায়রনমেন্টাল চেঞ্জ অ্যান্ড পলিসি, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, গ্লোবাল হেলথ সায়েন্স অ্যান্ড এপিডেমিওলজি, ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়।
আবেদনের যোগ্যতা
অক্সফোর্ডের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের—
অক্সফোর্ডে নতুন কোনো পূর্ণকালীন স্নাতকোত্তর কোর্সে আবেদন করতে হবে;
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির যোগ্যতা পূরণ করতে হবে;
কোর্স শেষ হলে নিজ দেশে বা সাধারণ আবাসস্থলের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে;
পড়াশোনার বিষয় ও দীর্ঘমেয়াদি কর্মজীবনের লক্ষ্যের মধ্যে সম্পর্ক দেখাতে হবে;
নিজের দেশে বা বৃহত্তর আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক পর্যায়ে জনজীবনের উন্নয়নে ভবিষ্যৎ পেশাগত ভূমিকা কীভাবে রাখতে চান, তা ব্যাখ্যা করতে হবে।
আবেদন করবেন যেভাবে
স্কলারশিপের জন্য আলাদা করে শুধু বৃত্তির আবেদন করলেই হবে না। প্রথমে পছন্দের স্নাতকোত্তর কোর্সে অক্সফোর্ডে আবেদন করতে হবে। আবেদনপত্রে Weidenfeld-Hoffmann Scholarships and Leadership Programme নির্বাচন করতে হবে এবং নির্ধারিত Weidenfeld-Hoffmann Scholarships Statement জমা দিতে হবে।
কোর্সভেদে আবেদনের শেষ তারিখ আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের নির্ধারিত ডিসেম্বর বা জানুয়ারি সময়সীমা দেখে নিতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য:



