আমেরিকায় ভিসাধারীদের জন্য জরুরি সতর্কবার্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
আমেরিকায় ভিসা নিয়ে প্রবেশের পর অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার আমেরিকান দূতাবাস ভিসা-সংক্রান্ত এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ আর আমেরিকায় কতদিন থাকার অনুমতি দেওয়া হয়েছে—দুটি বিষয় এক নয়। আমেরিকায় প্রবেশের সময় কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তা অনুমোদিত থাকার সময় নির্ধারণ করেন। সাধারণত এ তথ্য আই-৯৪ (I-94) রেকর্ডে উল্লেখ থাকে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, একটি ইউএস ভিসা আমেরিকায় প্রবেশের নিশ্চয়তা দেয় না। প্রবেশের সময় সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা অবস্থানের মেয়াদ ও শর্ত নির্ধারণ করেন। নির্ধারিত সময়ের বেশি থাকা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কর্মকাণ্ডে যুক্ত হলে ভবিষ্যতে ভিসা বা আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অনুমোদিত সময় শেষ হওয়ার পর প্রয়োজনীয় অনুমতি ছাড়া আমেরিকায় অবস্থান করলে তা ‘আনলফুল প্রেজেন্স’ হিসেবে বিবেচিত হতে পারে। ১৮০ দিন বা তার বেশি কিন্তু এক বছরের কম সময় অবৈধভাবে অবস্থানের পর আমেরিকা ছাড়লে সাধারণত তিন বছরের নিষেধাজ্ঞা এবং এক বছর বা তার বেশি সময় অবস্থানের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে।
এ ছাড়া আগের অভিবাসন-সংক্রান্ত কিছু লঙ্ঘন বা অন্যান্য নির্দিষ্ট আইনি কারণে স্থায়ীভাবে অযোগ্যতার বিধানও রয়েছে। তবে সব ধরনের ভিসা ও পরিস্থিতির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। কিছু ক্ষেত্রে আইনি ব্যতিক্রম বা ছাড়ের সুযোগও থাকতে পারে।
তাই আমেরিকায় অবস্থানের ক্ষেত্রে ভিসার মেয়াদ নয়, বরং প্রবেশের সময় অনুমোদিত থাকার শেষ তারিখ ও প্রযোজ্য শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে আমেরিকান কর্তৃপক্ষ।



