আমেরিকার ভিসা ফি নিয়ে নতুন তথ্য, ছাড়ের আওতায় ৭ শ্রেণির আবেদনকারী

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমেরিকায় নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনে নির্দিষ্ট সাত শ্রেণির আবেদনকারীর প্রসেসিং ফি দিতে হবে না। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। তবে সাধারণ পর্যটন, ব্যবসা বা শিক্ষার্থী ভিসার আবেদনকারীরা এই ফি ছাড়ের আওতায় থাকছেন না।

ফি ছাড়ের প্রথম শ্রেণিতে রয়েছেন কূটনীতিক, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও ন্যাটোর প্রতিনিধি। A, G, C-2, C-3 ও NATO ভিসায় আবেদনকারীরা এই সুবিধা পাবেন।

দ্বিতীয় শ্রেণিতে রয়েছে আমেরিকা সরকারের অর্থায়নে পরিচালিত এক্সচেঞ্জ কর্মসূচিতে অংশ নেওয়া ‘J’ ভিসার আবেদনকারীরা।

তৃতীয় শ্রেণিতে রয়েছেন প্রশাসনিক ভুলের কারণে নতুন ভিসা দেওয়া হচ্ছে—এমন আবেদনকারীরা। আর চতুর্থ শ্রেণিতে আন্তর্জাতিক চুক্তির আওতায় জাতিসংঘ সদর দপ্তরের বিভিন্ন ট্রাস্ট ও বিশেষ মিশনের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

মানবিক কাজ বা দাতব্য সেবায় যুক্ত আবেদনকারীদের ক্ষেত্রেও ভিসা সার্ভিসের সিদ্ধান্ত অনুযায়ী প্রসেসিং ফি মওকুফ হতে পারে।

পঞ্চম শ্রেণিতে রয়েছেন সরকারি প্রয়োজনে ভ্রমণকারী আমেরিকার সরকারি কর্মকর্তা। ষষ্ঠ শ্রেণিতে রয়েছেন দায়িত্ব পালনকালে মারা যাওয়া বা গুরুতর আহত আমেরিকান কর্মচারীদের নিকটাত্মীয়রা। স্বজনের জানাজা বা জরুরি চিকিৎসার প্রয়োজনে ভ্রমণকারী পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় পড়তে পারেন।

তবে ফি মওকুফ হওয়া মানেই ভিসা নিশ্চিত হওয়া নয়। সাধারণ নন-পিটিশনভিত্তিক ভিসার প্রসেসিং ফি ১৮৫ ডলারই বহাল রয়েছে। পাশাপাশি আবেদনকারীর জাতীয়তা ও ভিসার ধরন অনুযায়ী আলাদা রেসিপ্রোসিটি বা ভিসা ইস্যুয়েন্স ফি প্রযোজ্য হতে পারে।

তাই ভিসা আবেদনের আগে নিজের ক্যাটাগরি, ফি মওকুফের যোগ্যতা এবং প্রযোজ্য অন্যান্য ফি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি।