স্কলারশিপে তাইওয়ানে মাস্টার্স-পিএইচডি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

স্কলারশিপ নিয়ে তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

রোটারি ইন্টারন্যাশনাল তাইওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এ স্কলারশিপ দেওয়া হচ্ছে। মেধাবী ও আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, সেবা ও শান্তির চেতনা গড়ে তোলাও এই স্কলারশিপের অন্যতম উদ্দেশ্য।

যেসব সুবিধা থাকছে

স্কলারশিপের আওতায় টিউশন ফি ও গবেষণার খরচে আর্থিক সহায়তা দেওয়া হবে। ডিগ্রির স্তর অনুযায়ী বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার নিউ তাইওয়ান ডলার পর্যন্ত অর্থ দেওয়া হবে।

এ ছাড়া বই, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের খরচও স্কলারশিপের আওতায় থাকবে।

প্রতিটি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য একটি রোটারি ক্লাব ও একজন পরামর্শক নির্ধারণ করা হবে। তাঁরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

স্কলারশিপপ্রাপ্তরা রোটারির বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্কলারশিপের মেয়াদে অন্তত একটি আলোচনা বা কার্যক্রমে অংশ নিতে হবে।

এ ছাড়া ২০২৭ সালের মে মাসের শেষ নাগাদ পড়াশোনা ও তাইওয়ানে অবস্থানের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে তাইওয়ানের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে ভর্তি থাকতে হবে। আবেদনের সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে।

আবেদনকারী রোটারিয়ান, কোনো রোটারিয়ানের সরাসরি বংশধর বা রোটার‍্যাক্টর হতে পারবেন না। একই সময়ে স্কলারশিপের মেয়াদে অন্য কোনো স্কলারশিপ গ্রহণ করা যাবে না।

এ ছাড়া ভালো একাডেমিক ফল, নেতৃত্বের সম্ভাবনা এবং সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সময় আবেদনপত্রের কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি, এলিয়েন রেসিডেন্ট সার্টিফিকেটের (এআরসি) কপি, শিক্ষক বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

এর সাথে ভর্তি বা অধ্যয়নরত থাকার প্রমাণপত্র, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষরসহ গবেষণা প্রস্তাব এবং স্কলারশিপের অর্থ কীভাবে ব্যয় করা হবে তার বাজেট পরিকল্পনাও দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট স্কলারশিপের নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।