অক্সফোর্ডে বিনা খরচে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
বিশ্বের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে পড়াশোনা করতে চান অনেক শিক্ষার্থী। তবে উচ্চশিক্ষার ব্যয়ের কারণে অনেকের সেই স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়ে। এমন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য স্কলারশিপ দিয়ে থাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ক্ল্যারেন্ডন ফান্ড’।
‘ক্ল্যারেন্ডন স্কলারশিপ’ নামে পরিচিত এই স্কলারশিপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময় আলাদা। তাই নির্ধারিত কোর্সের আবেদনের সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
২০০১ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিবছর মেধা ও সম্ভাবনার ভিত্তিতে ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয়।
যেসব সুবিধা থাকছে
ক্ল্যারেন্ডন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হয়। ফুলটাইম শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচের জন্যও বার্ষিক ভাতা দেওয়া হয়, যা যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ।
পার্ট-টাইম শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হলে টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচে সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা Clarendon Scholars’ Association-এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পান। এর মাধ্যমে বিভিন্ন একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকে।
আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন। একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে। নির্দিষ্ট কোনো সিজিপিএ উল্লেখ না থাকলেও উচ্চমানের একাডেমিক ফল প্রত্যাশিত।
বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে IELTS, TOEFL বা সমমানের সনদ প্রয়োজন হতে পারে।
আবেদনকারীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো যোগ্য ফুলটাইম বা পার্ট-টাইম স্নাতকোত্তর অথবা পিএইচডি (DPhil) কোর্সে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় নথি
আবেদনের সময় সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন ফরম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ব্যক্তিগত বিবৃতি, সুপারিশপত্র এবং ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ জমা দিতে হয়।
গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী গবেষণা প্রস্তাবও জমা দিতে হতে পারে।
যেভাবে আবেদন করবেন
ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন ফরম পূরণ করতে হয় না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যোগ্য স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করার সময় স্কলারশিপের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হওয়ার সুযোগ থাকে।
সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে হয়। তবে কোর্সভেদে আবেদনের শেষ সময় ভিন্ন হতে পারে। তাই যে কোর্সে আবেদন করবেন, সেই কোর্সের নির্ধারিত সময়সীমা আগে যাচাই করা জরুরি।
শর্টলিস্ট করা শিক্ষার্থীদের পরবর্তী ধাপে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।



