দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দেশটির সরকার। ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ’ (GKS) কর্মসূচির আওতায় স্নাতকোত্তর, পিএইচডি ও গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের আনুষ্ঠানিক নির্দেশনা দেখে আবেদন করতে হবে।

যেসব সুবিধা মিলবে

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক ও একাডেমিক সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি;
  • স্বাস্থ্যবিমা;
  • আসা-যাওয়ার বিমানভাড়া;
  • আবাসন ভাতা;
  • মাসিক ভাতা;
  • গবেষণা কার্যক্রমের জন্য সহায়তা;
  • বিনা মূল্যে এক বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

স্কলারশিপের মেয়াদ

স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের মেয়াদ তিন বছর এবং পিএইচডি পর্যায়ে চার বছর। গবেষণা কার্যক্রমের জন্য দেওয়া হবে ছয় মাসের সুযোগ।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং তাদের কোরিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতকোত্তরের জন্য আবেদন করতে হলে স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার শর্ত রয়েছে।

যেসব নথি লাগবে

আবেদনের সময় সাধারণত জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি, আবেদনপত্র, মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, পারিবারিক সম্পর্কের প্রমাণপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ, ইংরেজি ভাষাদক্ষতার সনদ (যদি থাকে), দুটি সুপারিশপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব, আর্থিক বিবরণী এবং স্টেটমেন্ট অব পারপাস জমা দিতে হয়।

যেভাবে আবেদন

গ্লোবাল কোরিয়া স্কলারশিপে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদন নির্দেশনা, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সময়সীমা যাচাই করতে হবে।

স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা দক্ষিণ কোরিয়া সরকারের Study in Korea ওয়েবসাইটে পাওয়া যাবে।