চাকরি খুঁজতে জার্মানি, ১২ মাসের সুযোগ দিচ্ছে অপরচুনিটি কার্ড
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে বিপুলসংখ্যক চাকরির সুযোগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে প্রায় ৩০ লাখ পদ শূন্য রয়েছে। এর মধ্যে জার্মানিতেই প্রায় ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি রয়েছে বলে জানিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান।
তিনি জানান, জার্মানির অপরচুনিটি কার্ড বা ‘চান্সেনকার্টে’ নন-ইইউ দেশের নাগরিকদের দেশটিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে থেকে চাকরি খোঁজা যায়। এর জন্য আগে থেকেই চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক নয়।
অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে নির্দিষ্ট শর্তে খণ্ডকালীন কাজও করা যায়। পরে উপযুক্ত পূর্ণকালীন চাকরি পেলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার মাধ্যমে কাজের অনুমতিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।
ক্লিন্ট খান বলেন, বিদেশে পড়াশোনা বা অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তির দীর্ঘমেয়াদি লক্ষ্য বিবেচনা করা প্রয়োজন। শুধু স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আশায় পড়াশোনার পথ বেছে নেওয়া ঠিক নয়।
তার মতে, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ, বাজেট, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স নির্বাচন গুরুত্বপূর্ণ। আর পড়াশোনা উপযুক্ত পথ না হলে দক্ষ কর্মী হিসেবে অভিবাসনের সুযোগ বিবেচনা করা যেতে পারে।
জার্মানির পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডাতেও দক্ষ কর্মীদের জন্য বিভিন্ন অভিবাসন কর্মসূচি রয়েছে। তবে কোন দেশের কোন কর্মসূচি আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে, তা নির্ভর করে তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা ও অন্যান্য শর্তের ওপর।
অপরচুনিটি কার্ডের মাধ্যমে জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ থাকায় দক্ষ পেশাজীবীদের জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের একটি বিকল্প পথ তৈরি হয়েছে।



