মালয়েশিয়ায় বিনা মূল্যে পিএইচডি, মাসে মিলবে ৮৫ হাজার টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি করার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ (জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

এই পিএইচডি প্রোগ্রামের প্রথম ৩০ থেকে ৩৬ মাস মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং পরবর্তী ৯ থেকে ১২ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে সম্পন্ন করার সুযোগ রয়েছে।

যেসব সুবিধা মিলবে

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এগুলো হলো—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
  • মালয়েশিয়ায় থাকার প্রথম ৩০ মাস প্রতি মাসে ২ হাজার ৯৫০ রিঙ্গিত ভাতা;
  • অস্ট্রেলিয়ায় থাকার সময় প্রতি মাসে ৮ হাজার ৫০০ রিঙ্গিত ভাতা;
  • মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা।

আবেদন করতে যা লাগবে

স্কলারশিপের জন্য আবেদন করতে প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে আইইএলটিএস একাডেমিক পরীক্ষায় সামগ্রিক ব্যান্ডস্কোর কমপক্ষে ৬.৫ থাকতে হবে। কোনো একটি সেকশনে স্কোর ৬.০-এর নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া সংশ্লিষ্ট পিএইচডি প্রোগ্রামের অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

যেসব কাগজপত্র প্রয়োজন

আবেদনের সময় প্রার্থীর কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

  • জীবনবৃত্তান্ত (সিভি);
  • পাসপোর্ট ও ছবি;
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট;
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ;
  • দুটি রেফারেন্স লেটার;
  • স্টেটমেন্ট অব পারপাস;
  • রিসার্চ প্রপোজাল;
  • জিইএমএস প্রোগ্রামের জন্য কেন নিজেকে উপযুক্ত মনে করেন, সে বিষয়ে ৩০০ শব্দের ব্যক্তিগত বিবৃতি।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিস্তারিত তথ্য মোনাশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।