জাপানে ভিসা নবায়ন ও স্থায়ী আবাসনের ফি বাড়ছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জাপানে বসবাসরত বিদেশিদের জন্য ভিসা নবায়ন ও স্থায়ী আবাসনের আবেদন ফি বাড়ানো হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হবে। জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, মে মাসে পাস হওয়া ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্টের সংশোধনের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে ভিসা নবায়নের সর্বোচ্চ ফি ৬ হাজার ইয়েন এবং স্থায়ী আবাসনের আবেদন ফি ১০ হাজার ইয়েন। নতুন নিয়মে ভিসা নবায়নের সর্বোচ্চ ফি বেড়ে ৭৫ হাজার ইয়েন এবং স্থায়ী আবাসনের আবেদন ফি ২ লাখ ইয়েন হবে।

বসবাসের মেয়াদ অনুযায়ী ভিসার ফি নির্ধারণ করা হবে। তিন মাস পর্যন্ত মেয়াদের ভিসার জন্য ফি ১০ হাজার ইয়েন, ছয় মাসের জন্য ১৮ হাজার ইয়েন এবং এক বছরের জন্য ২৫ হাজার ইয়েন। এক বছরের বেশি মেয়াদের ক্ষেত্রে ধাপে ধাপে ফি বাড়বে। তিন বছরের জন্য ৪৮ হাজার ইয়েন এবং পাঁচ বছরের জন্য ৭৫ হাজার ইয়েন ফি নির্ধারণ করা হয়েছে। স্থায়ী আবাসনের আবেদন ফি সর্বোচ্চ ২ লাখ ইয়েন পর্যন্ত হবে।

আসছে নতুন প্রযুক্তি

ফি বাড়ানোর পাশাপাশি অভিবাসন ব্যবস্থায় নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও করছে জাপান। ২০২৮ অর্থবছরে চালু হওয়ার কথা রয়েছে জাপান ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন। ভিসা ছাড়াই স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ থাকা ৭৪টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য এই ব্যবস্থা প্রযোজ্য হবে।

ভ্রমণকারীদের জাপানে যাওয়ার কয়েক দিন আগে অনলাইনে নিজেদের নাম, ভ্রমণের উদ্দেশ্য ও গন্তব্যের তথ্য দিতে হবে। পরে এসব তথ্য অপরাধের রেকর্ডসহ বিভিন্ন তথ্যভান্ডারের সাথে যাচাই করা হবে। অবৈধভাবে অবস্থানের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিমান বা জাহাজে উঠতে না দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে।

জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ২০২৫ সালের শেষে প্রায় ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়তে থাকায় অভিবাসন ও ভিসা ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।