আমেরিকায় বিনা খরচে তিন সপ্তাহের নেতৃত্ব প্রশিক্ষণ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণদের জন্য আমেরিকায় তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ২০ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটে (এইচএসআই) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত প্রোগ্রামটির লক্ষ্য তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করা।
যেসব সুবিধা মিলবে
প্রোগ্রামে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাওয়া-আসার আন্তর্জাতিক বিমানভাড়া, ভিজিটর (SEVIS) ফি, স্বাস্থ্যবিমা, আবাসন, খাবার, স্থানীয় পরিবহন ও প্রোগ্রামের প্রয়োজনীয় উপকরণের খরচ দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা প্রোগ্রাম শেষে সনদ পাবেন এবং বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণ ও কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স ২০২৭ সালের ১ জুলাই ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত এক বছর পড়াশোনা সম্পন্ন করতে হবে। এ ছাড়া একাডেমিক রেফারেন্স এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।
যেসব আবেদনকারী আগে কখনো আমেরিকা ভ্রমণ করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে আবেদন ফরম জমা দেওয়ার পর এতে কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
আগ্রহীরা হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।



