জাপানে উচ্চশিক্ষায় হোনজো স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার জন্য বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের এ বৃত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচও দেওয়া হবে।
স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের এ বৃত্তির মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
বৃত্তিতে যেসব সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক ও একাডেমিক সহায়তা দেওয়া হবে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে—
- পূর্ণ টিউশন ফি মওকুফ;
- এক বা দুই বছরের কোর্সে মাসিক ২ লাখ ৩০ হাজার ইয়েন;
- তিন বছরের কোর্সে মাসিক ২ লাখ ১০ হাজার ইয়েন;
- চার বা পাঁচ বছরের কোর্সে মাসিক ১ লাখ ৮০ হাজার ইয়েন;
- আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। জাপানে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে জাপানি নাগরিকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
এ ছাড়া আবেদনকারীকে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। হোনজো ফাউন্ডেশনের অন্য কোনো বৃত্তি পেলে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে না।
স্নাতকোত্তরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। কোর্স শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে।
যেসব নথি লাগবে
আবেদনের সময় কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এগুলো হলো—
১. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
২. দুই মিনিটের ভিডিও। এতে আবেদনকারীকে তাঁর গবেষণা পরিকল্পনা ব্যাখ্যা করতে হবে।
৩. একাডেমিক ট্রান্সক্রিপ্ট। স্নাতক পর্যায়ের ট্রান্সক্রিপ্ট জাপানি বা ইংরেজি ভাষায় হতে হবে। অন্য ভাষায় হলে অনুবাদ জমা দিতে হবে।
৪. গবেষণা প্রস্তাব। এতে গবেষণার বিষয়, গবেষণার ফলাফল কীভাবে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং একাডেমিক, গবেষণা ও সামাজিক কার্যক্রমে অর্জনের তথ্য উল্লেখ করতে হবে।
৫. সুপারভাইজারের সুপারিশপত্র।
৬. ভর্তির চিঠি বা গ্রহণপত্র।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হোনজো স্কলারশিপের আবেদন পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
বৃত্তির বিস্তারিত তথ্য হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।



