থাইল্যান্ডের ভিসা পেতে বিলম্ব, জটিলতা নিরসনে বৈঠক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা ও কনস্যুলার বিষয়ক ভারপ্রাপ্ত উপ-স্থায়ী সচিব সুভত চিরাপান্তের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশিদের ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য থাই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার জন্য থাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে সাম্প্রতিক সময়ে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব উদ্বেগজনক। বিশেষ করে চিকিৎসার জন্য যারা ভিসার আবেদন করছেন, তাদের বিষয়টি থাই সরকারকে বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।

বৈঠকে থাই কর্মকর্তারা ঝুলে থাকা ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার প্রতিশ্রুতিও দেন তারা।

প্রসঙ্গত, থাইল্যান্ডের ভিসার আবেদন করে অনেক বাংলাদেশি আবেদনকারী এখনো পাসপোর্ট ফেরত পাননি। গত দুই মাসে ঢাকার থাই দূতাবাসে প্রায় ২০ হাজার আবেদনকারীর পাসপোর্ট আটকে থাকার কথা জানা গেছে। এতে ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাওয়া বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন।

ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশি ভ্রমণকারী, রোগী ও ব্যবসায়ীদের জন্য থাইল্যান্ড যাতায়াতের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা অনেকটাই কমতে পারে।