শেংগেন ভিসার আবেদন ও ফি নিয়ে নতুন নির্দেশনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

শেংগেন ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। এতে আবেদন জমা দেওয়ার সময়সীমা, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা ফি এবং আবেদন প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

শেংগেন ভিসা মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের নাগরিকদের জন্য। এ ভিসায় শেংগেন অঞ্চলে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যায়। ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ও এয়ারপোর্ট ট্রানজিট—এই তিন ধরনের হয়ে থাকে।

কখন আবেদন করতে হবে

আবেদনকারীদের ভ্রমণের অন্তত ১৫ দিন আগে শেংগেন ভিসার আবেদন জমা দিতে হবে। তবে ভ্রমণের ৬ মাসের বেশি আগে আবেদন করা যাবে না।

একাধিক শেংগেন দেশে ভ্রমণের ক্ষেত্রে যে দেশে সবচেয়ে বেশি সময় অবস্থান করা হবে, সেই দেশের কনস্যুলেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। একাধিক দেশে সমান সময় অবস্থান করলে প্রথম যে দেশে প্রবেশ করা হবে, সেই দেশের কনস্যুলেটে আবেদন করতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

শেংগেন ভিসার আবেদনের জন্য প্রয়োজন হবে—

  • বৈধ পাসপোর্ট;
  • পূর্ণাঙ্গ আবেদন ফরম;
  • পাসপোর্ট সাইজের ছবি;
  • চিকিৎসা ও ভ্রমণ বীমা;
  • থাকার জায়গার প্রমাণ;
  • আর্থিক সক্ষমতার প্রমাণ;
  • নিজ দেশে ফেরার নিশ্চয়তার প্রমাণ।

পাসপোর্টের মেয়াদ ভ্রমণ শেষ হওয়ার পর অন্তত তিন মাস থাকতে হবে।

ভিসা ফি কত

প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য শেংগেন ভিসার ফি ৯০ ইউরো। শিশুদের জন্য ফি ৪৫ ইউরো।

আর্মেনিয়া, আজারবাইজান ও বেলারুশের নাগরিকদের জন্য ভিসা ফি ৩৫ ইউরো। কেপ ভার্দে থেকে আবেদনকারীদের দিতে হবে ৬৭ দশমিক ৫০ ইউরো।

ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করলে এর বাইরে অতিরিক্ত সেবা ফি দিতে হতে পারে।

কত দিনে ভিসা পাওয়া যায়

সাধারণত শেংগেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণে ১৫ দিন সময় লাগে। তবে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে এ সময় ৪৫ দিন পর্যন্ত বাড়তে পারে।

ইইউ বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত (ইইএ) দেশের নাগরিকদের পরিবারের সদস্যরা নির্দিষ্ট শর্তে ভিসা ফি ছাড় এবং দ্রুত আবেদন প্রক্রিয়াকরণের সুবিধা পেতে পারেন।

আবেদন বাতিল হলে

শেংগেন ভিসার আবেদন বাতিল হলে আবেদনকারীকে লিখিতভাবে কারণ জানানো হবে। একই সঙ্গে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার তথ্যও দেওয়া হবে।