জার্মানিতে বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে নেওয়ার সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
পরিবার পুনর্মিলন নীতিতে নতুন সুযোগ দিয়েছে জার্মানি। নির্দিষ্ট শর্ত পূরণ করলে দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়িকে জার্মানিতে নিয়ে আসতে পারবেন। তবে এ সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। কেবল নির্দিষ্ট কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা বা রেসিডেন্স পারমিটধারীরা এ সুযোগ পাবেন।
জার্মান সরকারের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, যাদের কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা বা রেসিডেন্স পারমিট প্রথমবার ২০২৪ সালের ১ মার্চের পর ইস্যু হয়েছে, তারা বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়িকে জার্মানিতে আনার সুযোগ পাবেন। অর্থাৎ ১ মার্চ ২০২৪ তারিখটি এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগ্যতার সীমারেখা।
তবে যাদের সংশ্লিষ্ট ভিসা বা রেসিডেন্স পারমিট ২০২৪ সালের ১ মার্চের আগে ইস্যু হয়েছে, তারা নতুন এ সুবিধার আওতায় পড়বেন না।
কারা এ সুবিধা পাবেন
নতুন নীতিটি মূলত কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা ও রেসিডেন্স পারমিটধারীদের জন্য প্রযোজ্য। ছাত্রভিসা, পর্যটন ভিসা বা অন্য কোনো অ-কর্মসংস্থান ভিসাধারীরা এ সুবিধার আওতায় থাকবেন না।
অর্থাৎ চাকরি বা কর্মসংস্থানের উদ্দেশ্যে জার্মানিতে গিয়ে নির্দিষ্ট শর্ত পূরণ করা ব্যক্তিরাই বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়িকে দেশটিতে আনার জন্য এ সুবিধা নিতে পারবেন।
যাদের জন্য প্রযোজ্য নয়
যাদের কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা বা রেসিডেন্স পারমিট ২০২৪ সালের ১ মার্চের আগে প্রথমবার ইস্যু হয়েছে, তারা নতুন নীতির সুবিধা পাবেন না। তবে তারা চাইলে জার্মানির প্রচলিত পরিবার পুনর্মিলন আইনের অন্যান্য সুযোগের আওতায় আবেদন করতে পারবেন।
জার্মানির শ্রমবাজারে দক্ষ ও বিদেশি কর্মীদের আকৃষ্ট করা এবং ধরে রাখার বৃহত্তর নীতির অংশ হিসেবেই পরিবার পুনর্মিলনের এ সুযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দেশটিতে শ্রমিকের ঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মীদের গুরুত্ব বাড়ছে। পরিবারকে কাছে রাখার সুযোগ বিদেশি কর্মীদের দীর্ঘমেয়াদে জার্মানিতে থাকার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।



