৫ অক্টোবর থেকে কার্যকর

অস্ট্রেলিয়ায় ডিপ্লোমা কোর্সে নতুন ভর্তি বন্ধ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে গ্র্যাজুয়েট ডিপ্লোমা অব ম্যানেজমেন্ট (লার্নিং) কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করছে অস্ট্রেলিয়া। আগামী ৫ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে এরই মধ্যে কোর্সটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনা শেষ করার সুযোগ পাবেন। সরকারের এই সিদ্ধান্তের মধ্যে কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন শিক্ষার্থী ভর্তির জন্য বিভিন্ন ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্সটি পড়ানো হয়। বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এ কোর্সে পড়াশোনা করছেন। এ ছাড়া ৪০ হাজারের বেশি শিক্ষার্থী কোর্সটিতে ভর্তির জন্য আবেদন করে অপেক্ষায় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্রুত ভর্তি করানোর চেষ্টা

কোর্সটি বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর সেপ্টেম্বরজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম, হোয়াটসঅ্যাপ এবং শিক্ষা ও অভিবাসন এজেন্টদের মাধ্যমে দ্রুত ভর্তি হওয়ার প্রচার চালানো হচ্ছে।

কিছু বিজ্ঞাপনে কোর্স ফিতে ছাড়, দ্রুত অফার লেটার এবং একই দিনে ভর্তি নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একটি বেসরকারি কলেজ অভিবাসন এজেন্টদের জন্য বিশেষ কমিশনের পাশাপাশি একই দিনে অফার লেটার ও ভর্তি নিশ্চিত করার কথা জানিয়েছে।

এমনকি ২ অক্টোবর পর্যন্ত বিশেষ ভর্তি কার্যক্রমের তারিখও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের মাত্র কয়েক দিন আগ পর্যন্ত শিক্ষার্থী নেওয়ার চেষ্টা চলছে।

কেন বন্ধ করছে অস্ট্রেলিয়া

সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে অন্য কোর্স থেকে গ্র্যাজুয়েট ডিপ্লোমা অব ম্যানেজমেন্ট (লার্নিং) কোর্সে শিক্ষার্থীদের স্থানান্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২০ সালে অন্য কোর্স থেকে এ কোর্সে স্থানান্তরিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫১০ জন। ২০২৫ সালে তা প্রায় ৪ হাজারে পৌঁছায়।

এ ছাড়া ২০২৫ সালে কোর্সটিতে ভর্তি হওয়ার অনুমোদন পাওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক তখনও পড়াশোনা শুরু করেননি।

সরকারের আশঙ্কা, কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী প্রকৃত পড়াশোনার উদ্দেশ্যের পরিবর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান এবং ভিসার মেয়াদ ধরে রাখার জন্য কোর্সটি ব্যবহার করছে। বিশেষ করে উচ্চতর পর্যায়ের পড়াশোনা থেকে অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের কোর্সে স্থানান্তরের প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে।

ভিসা পরিবর্তনে কড়াকড়ি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক কোর্স থেকে অন্য কোর্সে পরিবর্তনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইতোমধ্যে নিয়ম কঠোর করেছে। ভবিষ্যতে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স পরিবর্তনের ক্ষেত্রে নতুন ভিসার প্রয়োজন হতে পারে।

সরকারের এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য হলো ‘ভিসা হপিং’ ঠেকানো। এর মাধ্যমে প্রকৃত পড়াশোনার পরিবর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান ধরে রাখতে বারবার কোর্স বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের প্রবণতাকে বোঝানো হচ্ছে।

ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড কোর্সটি বন্ধের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর মতে, ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং সরকারের পদক্ষেপে এসব প্রতিষ্ঠানের ওপর প্রভাব পড়তে পারে।

বর্তমান শিক্ষার্থীদের সুযোগ

কোর্সটিতে ইতোমধ্যে পড়াশোনা শুরু করা শিক্ষার্থীদের তা শেষ করার সুযোগ দেওয়া হবে। তবে যেসব শিক্ষার্থীর ভবিষ্যৎ ভর্তি নির্ধারিত ছিল, তাঁদের ক্ষেত্রে ভিসার শর্ত পূরণে বিকল্প কোর্স বেছে নেওয়ার প্রয়োজন হতে পারে।

কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের একাধিক কোর্স করার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মান বজায় রাখা এবং শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অখণ্ডতা রক্ষাই এ ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য।