বাংলাদেশ থেকে শেংগেন ভিসায় সুইডেনের নতুন নির্দেশনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬
বাংলাদেশ থেকে শেংগেন ভিসা আবেদনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস। আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেংগেন ভিসার আবেদনের বিষয়ে আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে এসব আবেদনের সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পরিবর্তন হলেও বাংলাদেশ থেকে শেংগেন ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
অর্থাৎ আবেদনকারীদের ভিসা আবেদনের জন্য নতুন কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। শুধু আবেদন যাচাই ও সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সুইডেনের মাইগ্রেশন এজেন্সির কাছে যাবে।
শেংগেন ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে আবেদনকারীদের সুইডেনের দূতাবাসের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সুইডেনের মাইগ্রেশন এজেন্সির তথ্য অনুযায়ী, শেংগেন ভিসার মাধ্যমে সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেংগেন এলাকায় অবস্থান করা যায়।
তাই ১৫ অক্টোবর থেকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে পরিবর্তন এলেও বাংলাদেশ থেকে সুইডেনের শেংগেন ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আপাতত ভিএফএস গ্লোবালের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।



