কানাডায় বৃত্তি, মিলবে ৬০ হাজার কানাডিয়ান ডলার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
কানাডার ইউনিভার্সিটি অব অটোয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী এসব সুবিধার জন্য বিবেচিত হবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি ও সেপ্টেম্বর ২০২৭ সেশনের স্নাতক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদনকারীদের প্রথমে পছন্দের প্রোগ্রামে ভর্তি আবেদন করতে হবে। এরপর যোগ্য শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু বৃত্তির জন্য স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
স্নাতকে সর্বোচ্চ ৬০ হাজার ডলার
ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় সুযোগ হলো ‘ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাডমিশন স্কলারশিপ’। এ বৃত্তির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা প্রতি টার্মে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার সহায়তা পেতে পারেন।
আটটি অধ্যয়ন মেয়াদে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া রয়েছে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’। এ বৃত্তির আওতায় অতিরিক্ত ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। এটি নবায়নযোগ্য নয় এবং প্রতি বছর সীমিতসংখ্যক শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
এ বৃত্তির জন্য আবেদনকারীর ভর্তি গড় নম্বর কমপক্ষে ৯৫ শতাংশ হতে হবে। নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি থাকে।
ফরাসি মাধ্যমে পড়াশোনায় বিশেষ সুবিধা
ফরাসি ভাষায় পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যও পৃথক অর্থায়নের সুযোগ রয়েছে। ‘ডিফারেনশিয়াল টিউশন ফি এক্সেম্পশন স্কলারশিপ’-এর মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রতি টার্মে ১২ হাজার ৫০০ থেকে ১৮ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে।
তবে ফরাসি ভাষাভিত্তিক এ সুবিধা ইংরেজি ভাষার বৃত্তির সঙ্গে একসঙ্গে গ্রহণ করা যাবে না।
ইংরেজি ভাষার যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইংরেজি মাধ্যমে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সাধারণত আইইএলটিএসে সামগ্রিকভাবে ৬.৫ স্কোর প্রয়োজন। তবে ডুয়োলিঙ্গো, টোয়েফলসহ অন্যান্য স্বীকৃত পরীক্ষার ফলাফলও গ্রহণযোগ্য।
কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দেশের শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে দীর্ঘ সময় পড়াশোনার প্রমাণ দিতে পারলে ভাষা দক্ষতার পরীক্ষার বাধ্যবাধকতা থেকে ছাড় পেতে পারেন।
মাস্টার্স ও পিএইচডিতেও অর্থায়ন
মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্যও আলাদা অর্থায়নের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পিএইচডি আবেদনকারীদের জন্য চার বছরের একটি অর্থায়ন প্যাকেজ দেওয়া হতে পারে, যার মূল্য অন্তত ৭২ হাজার কানাডিয়ান ডলার।
এর মধ্যে বার্ষিক বৃত্তি এবং বিভিন্ন একাডেমিক ইউনিটের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু ক্ষেত্রে গবেষণা বা শিক্ষণ সহকারী হিসেবে কাজের সুযোগও যুক্ত থাকে।
যেভাবে আবেদন
আবেদনকারীদের প্রথমে অন্টারিও ইউনিভার্সিটিজ অ্যাপ্লিকেশন সেন্টারের (ওইউএসি) মাধ্যমে ভর্তি আবেদন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় একাডেমিক নথি ও ভাষাগত যোগ্যতার তথ্য জমা দিতে হবে।
জানুয়ারি ২০২৭ সেশনের স্নাতক ভর্তির আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬। প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে ১ নভেম্বরের মধ্যে।
অন্যদিকে সেপ্টেম্বর ২০২৭ সেশনের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। প্রতিযোগিতা এড়াতে ১৫ জানুয়ারি ২০২৭-এর আগেই আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়।



