আরো তিন ভিসায় অনলাইন কার্যক্রম দেখবে আমেরিকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

আমেরিকার ভিসা যাচাই প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হয়েছে। ১ অক্টোবর থেকে আরো তিনটি ভিসা শ্রেণির আবেদনকারীদের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে আই, টিএন ও টিডি ভিসার আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা করা হবে।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। নতুন নিয়মের আওতায় আবেদনকারীদের নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ বা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

আই ভিসা মূলত বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য। টিএন ভিসা আমেরিকা-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় নির্দিষ্ট পেশাজীবীদের জন্য দেওয়া হয়। আর টিডি ভিসা হলো টিএন ভিসাধারীদের পরিবারের সদস্যদের জন্য।

এর আগে থেকেই বেশ কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাই চালু ছিল। ২০২৫ সালের জুনে কূটনৈতিক ও সরকারি ভিসার কিছু শ্রেণি, এফ ও এম স্টুডেন্ট ভিসা, এইচ-১বি, জে-১ ও জে-২ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা, কে-১, কে-২ ও কে-৩, কিউ, আর-১ ও আর-২ এবং এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়।

২০১৯ সালের ৩১ মে থেকে অধিকাংশ ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের কাছে গত পাঁচ বছরে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম বা হ্যান্ডেল চাওয়া শুরু হয়। তবে তখন শুধু অ্যাকাউন্টের নাম বা হ্যান্ডেল দেওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সংশ্লিষ্ট ভিসা শ্রেণির আবেদনকারীদের পুরো অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট বলছে, আবেদনকারীর বিষয়ে যাচাই প্রক্রিয়ায় পাওয়া সব প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হবে। আবেদনকারী ভিসার শর্ত মেনে চলার ইচ্ছা রাখেন কি না এবং তিনি ভিসার যোগ্যতা পূরণ করতে পারেন কি না, সেসব বিষয়ও পর্যালোচনা করা হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার অভিবাসন ও ভিসা যাচাই প্রক্রিয়া আরো কঠোর করা হয়েছে। এর অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংয়ের পরিধিও বাড়ানো হচ্ছে। শিক্ষার্থী, পেশাজীবী ও অন্যান্য ভিসা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাইয়ে জোর দেওয়া হয়েছে। কনস্যুলার কর্মকর্তাদের আবেদনকারীদের অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।