আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
বিজয়ীর নাম ঘোষণার পর মঞ্চেই সিজদায় লুটিয়ে পড়ল ১১ বছর বয়সী মিসরীয় শিশু মায়ার ওসমান। চোখেমুখে আনন্দ আর আবেগ নিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংযুক্ত আরব আমিরাতের ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর দশম আসরে প্রথম স্থান অর্জন করে সবার নজর কেড়েছে ছোট্ট এই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার দশম আসরের বিজয়ী হিসেবে মায়ারের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি মায়ারের হাতে বিজয়ীর সম্মাননা তুলে দেন।
প্রতিযোগিতার আয়োজকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পরপরই মঞ্চে সিজদায় পড়ে যায় মায়ার। তার এই আবেগঘন মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রতিযোগিতায় প্রথম হয়ে ৫ লাখ দিরহাম পুরস্কার পেয়েছে মায়ার। দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিলিস্তিনের ১৬ বছর বয়সী গাজাল তিম এবং তৃতীয় হয়েছে সৌদি আরবের ১১ বছর বয়সী রিয়ান আল জাকরি।
মিসরের উত্তরাঞ্চলীয় কাফর আল-শেখ প্রদেশের বাসিন্দা মায়ার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত বাছাইপর্বে বিজয়ী হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় সে ৬০টিরও বেশি বই পড়েছে।
বিজয়ী হওয়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে মায়ার। পুরস্কারের অর্থ দিয়ে নিজের স্কুলে একটি ছোট পাঠাগার গড়ে তুলতে চায় সে। তার ইচ্ছা, বই পড়তে আগ্রহী প্রতিটি শিক্ষার্থী যেন সেখানে এসে বই পড়ার সুযোগ পায়।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মায়ার বলে, ‘আমি পিরামিড ও সভ্যতার দেশ থেকে এসেছি। আমি মিসরের মেয়ে, আরব বিশ্বের হৃদয়ের সন্তান। আমি ৭০টিরও বেশি বই পড়েছি এবং পড়া চালিয়ে যাব।’
বই পড়ার অভ্যাস তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও জানায় মায়ার। তার মতে, বই তাকে নতুন চিন্তা ও ধারণার সঙ্গে পরিচিত করেছে এবং ব্যক্তিত্ব গঠনে সহায়তা করেছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে সময়ের সঠিক ব্যবহার এবং পড়াশোনার পাশাপাশি বই পড়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতেও শিখেছে সে।
মায়ারের ভাষায়, প্রকৃত পাঠক শুধু বই বহন করেন না; বরং বই থেকে অর্জিত জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করেন এবং অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব তৈরি করেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের তথ্য অনুযায়ী, ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর দশম আসরে ৬০টি দেশের ৪ কোটি ২৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এ ছাড়া ১ লাখ ৩৮ হাজার ৪২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১ লাখ ৬১ হাজার ৫০৭ জন শিক্ষক ও তত্ত্বাবধায়ক এ আয়োজনে যুক্ত ছিলেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৭৪ হাজার ৬২ জন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দশম আসরে অংশগ্রহণকারীর সংখ্যা আগের আসরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিযোগিতাটির ১০টি আসরে ২০ কোটি ৩০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।
আরবি ভাষায় পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অনুধাবন, বিশ্লেষণ ও প্রকাশের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালে ‘আরব রিডিং চ্যালেঞ্জ’ চালু করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫০টি বই পড়তে এবং সেগুলোর সারসংক্ষেপ তৈরি করতে হয়। এরপর বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধাপের বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ মেলে।
তথ্যসূত্র: দ্য ন্যাশনাল



