আমেরিকার ডিভি লটারি নিয়ে শেষ মুহূর্তে আদালতের নতুন সিদ্ধান্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
আমেরিকার ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সুযোগ পেয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলসের তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেয়।
এর ফলে আপিল আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিভি লটারি-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।
এর আগে আমেরিকার একটি নিম্ন আদালত ডিভি লটারি কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল আদালত নতুন এই সিদ্ধান্ত দেয়।
ডিভি লটারি নিয়ে আইনি লড়াই চালানো রেড ইগল নামের সংস্থার প্রধান কার্টিস মরিসন নিউজউইককে বলেন, ডিভি কর্মসূচি পরিচালনায় পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানিয়ে সংস্থাটি দ্রুত আরও আইনি পদক্ষেপ নেবে।
আদালত পর্যবেক্ষণে বলেন, লটারির নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে তারা সমর্থন করছেন না। তবে রেড ইগল মামলায় নিজেদের পক্ষে যথেষ্ট যুক্তি-প্রমাণ তুলে ধরতে পারেনি। এ ছাড়া সংস্থাটি আইনের সরাসরি সুবিধাভোগী বা স্বার্থসংশ্লিষ্ট পক্ষ না হওয়ায় মামলা করার আইনি অধিকারও তাদের নেই বলে আদালত উল্লেখ করেন।
উল্লেখ্য, যেসব দেশ থেকে আমেরিকায় অভিবাসনের হার তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ রাখা হয়। সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত এই কর্মসূচির মাধ্যমে স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের সুযোগ পাওয়ার পথ তৈরি হয়।
১৯৯০ সালের ২৯ নভেম্বর তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ‘ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯৯০’-এ স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থায়ীভাবে চালু হয়। ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে আমেরিকায় তুলনামূলক কম অভিবাসী গেছেন, সেসব দেশের নাগরিকদের জন্য অভিবাসনের সুযোগ বাড়ানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।



