যুক্তরাজ্যের ভিসানীতিতে বড় রদবদল, বাংলাদেশিদের জন্য কী সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
২০২৭ সাল থেকে দক্ষ কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং উচ্চশিক্ষিত বিদেশি গ্র্যাজুয়েটদের জন্য ভিসানীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির ২০২৬ সালের বাজেটে ঘোষিত এসব উদ্যোগের লক্ষ্য উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি জনবল আকর্ষণ করা। একই সঙ্গে কম ও মধ্যম দক্ষতার অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
স্কিলড ওয়ার্কার ভিসায় বেতন কাঠামো পরিবর্তন
২০২৭ সালের বসন্ত থেকে স্কিলড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে পেশাভিত্তিক ন্যূনতম বেতন নির্ধারণের নিয়ম পরিবর্তন করা হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে মধ্যম বেতন বিবেচনা করা হলেও নতুন নিয়মে সংশ্লিষ্ট পেশার আয়ের ২৫তম পারসেন্টাইলের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
একই সঙ্গে ২০২৬ সালের আয়ের তথ্য অনুযায়ী সাধারণ বেতনসীমাও হালনাগাদ করা হবে। ফলে বিভিন্ন পেশায় ভিসার জন্য প্রয়োজনীয় বেতনের কাঠামো পরিবর্তিত হতে পারে।
বর্তমানে শিক্ষার্থী, নতুন গ্র্যাজুয়েট এবং প্রশিক্ষণরত কর্মীদের জন্য আলাদা বেতন ছাড় থাকলেও ভবিষ্যতে এগুলো একীভূত করে একটি ‘নিউ এন্ট্রান্ট ডিসকাউন্ট’ চালু করা হবে। পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বিদ্যমান বেতন ছাড়ও বাতিল করা হবে।
এইচপিআই ভিসার আওতা বাড়ছে
হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (HPI) ভিসার আওতা সম্প্রসারণেরও ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের শীর্ষ ১৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী আরও বেশি গ্র্যাজুয়েট এই ভিসার আওতায় আবেদন করতে পারবেন।
সরকারের আশা, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণরা যুক্তরাজ্যে কাজ ও বসবাসে আগ্রহী হবেন।
গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ কমছে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে গ্র্যাজুয়েট ভিসায়। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সাধারণভাবে গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করার পরিকল্পনা রয়েছে।
তবে যেসব বিশ্ববিদ্যালয় সরকারের নির্ধারিত উচ্চ মানদণ্ড পূরণ করবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভালো ফলাফল দেখাতে পারবে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই বছরের গ্র্যাজুয়েট ভিসার সুবিধা পাবেন।
এ সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পড়াশোনা শেষে যুক্তরাজ্যে চাকরি খোঁজার সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।
চাকরি হারালে নতুন স্পন্সর খোঁজার সময় বাড়বে
যুক্তরাজ্যে স্পন্সরড ভিসায় কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের জন্যও একটি ইতিবাচক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালে এমন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার, যার মাধ্যমে যোগ্য কর্মীরা চাকরি হারালে নতুন নিয়োগকর্তা খুঁজে নেওয়ার জন্য সর্বোচ্চ ছয় মাস অতিরিক্ত সময় পাবেন।
বর্তমানে অনেক ক্ষেত্রে চাকরি শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যে দেশ ছাড়ার চাপ তৈরি হয়। নতুন নিয়ম কার্যকর হলে কর্মীরা নতুন স্পন্সর খুঁজে নেওয়ার জন্য বেশি সময় পাবেন।
গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা বাড়ানোর পরিকল্পনা
গবেষণা ও উদ্ভাবন খাতে আন্তর্জাতিক জনবল আকর্ষণ করতে ২০২৭ সালে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গবেষণা ও উন্নয়নভিত্তিক আরও প্রতিষ্ঠান বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ পাবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের দক্ষ পেশাজীবী, আইটি কর্মী, প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন কিছু সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সুযোগ কাজে লাগাতে যোগ্যতা ও প্রতিযোগিতার মানদণ্ড পূরণ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



