আয়ারল্যান্ডের শর্ট-স্টে ভিসা ওয়েভার কর্মসূচির মেয়াদ বাড়ল
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
নির্দিষ্ট ২১টি দেশের নাগরিকদের জন্য আয়ারল্যান্ডে ভ্রমণের বিশেষ সুবিধা অব্যাহত থাকছে। পূর্বনির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর ২০২৬ শেষ হওয়ার পর দেশটির সরকার শর্ট-স্টে ভিসা ওয়েভার কর্মসূচির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে।
এই কর্মসূচির আওতায় উপযুক্ত যুক্তরাজ্যের শর্ট-স্টে ভিসাধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পৃথক আইরিশ ভিসা ছাড়াই আয়ারল্যান্ড ভ্রমণ করতে পারবেন।
ভারত, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ এশিয়া, পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ২১টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
আয়ারল্যান্ডে প্রবেশের আগে ভ্রমণকারীকে বৈধ যুক্তরাজ্যের ভিসা ব্যবহার করে দেশটিতে প্রবেশ করতে হবে এবং ১৮০ দিন পর্যন্ত অবস্থানের অনুমতি পেতে হবে। শুধু যুক্তরাজ্যের বিমানবন্দরে ট্রানজিট করলে কিংবা ইমিগ্রেশন বিভাগ অতিক্রম না করে সরাসরি আয়ারল্যান্ডে গেলে এই ওয়েভার কার্যকর হবে না।
এই কর্মসূচির আওতায় আয়ারল্যান্ডে সর্বোচ্চ ৯০ দিন অথবা যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত—যেটি আগে আসে—অবস্থান করা যাবে। তবে অবস্থানের অনুমোদিত সময় নির্ধারণ করবেন বিমানবন্দরে দায়িত্ব পালনকারী আইরিশ ইমিগ্রেশন কর্মকর্তা।
যেসব ভ্রমণকারী প্রথমে আয়ারল্যান্ডে গিয়ে পরে যুক্তরাজ্যে যেতে চান, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। তাঁদের পৃথক আইরিশ ভিসা নিতে হবে।



