ভালোবাসার খোঁজে ফিনল্যান্ড ভ্রমণ, কারা পাবেন বিনা খরচের সুযোগ?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ও সিঙ্গেল ব্যক্তিদের চার দিনের বিনা খরচের ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছে ফিনল্যান্ডের পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ উদ্যোগে নির্বাচিত ১৬ জনের জন্য থাকছে আসা-যাওয়ার বিমান টিকিট, হোটেলে থাকা, খাবার ও সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি ফিনল্যান্ডের স্থানীয় সিঙ্গেলদের সাথে একই টেবিলে খাবার খাওয়া এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন অতিথিরা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিজিট ফিনল্যান্ড গত ২০ অক্টোবর এ উদ্যোগের ঘোষণা দেয়। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানী হেলসিঙ্কি ও ট্যাম্পিয়ারে আয়োজন করা হবে চার দিনের বিশেষ এ অনুষ্ঠান। দেশটির খাবার, সংস্কৃতি, আতিথেয়তা ও জীবনযাত্রার সাথে আন্তর্জাতিক পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য।

চার দিনের ভ্রমণে যা থাকছে

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মোট ১৬ জন আন্তর্জাতিক অতিথিকে নির্বাচন করা হবে। তাঁদের মধ্যে আটজন অংশ নেবেন হেলসিঙ্কি অঞ্চলের আয়োজনে। বাকি আটজন যাবেন ট্যাম্পিয়ারে।

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এ ভ্রমণ আয়োজন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকছে—

  • ফিনল্যান্ডে আসা-যাওয়ার বিমান টিকিট;
  • হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;
  • চার দিনের পরিকল্পিত ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন;
  • খাবার ও বিশেষ নৈশভোজ;
  • স্থানীয় মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ।

এটি একান্তে দুজনের মুখোমুখি কোনো ‘ব্লাইন্ড ডেট’ নয়। প্রতিটি আয়োজনে আটজন আন্তর্জাতিক অতিথি ও স্থানীয় দুজন সিঙ্গেলসহ মোট ১০ জন একসাথে খাবারের টেবিলে বসবেন। নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণকারীদের জানানো হবে, তাঁদের গন্তব্য হেলসিঙ্কি নাকি ট্যাম্পিয়ার।

খাবারের আয়োজন করবেন বিখ্যাত শেফরা

এ উদ্যোগের অন্যতম আকর্ষণ ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার ও খাদ্যসংস্কৃতি। অতিথিদের জন্য তৈরি করা হবে বিশেষ খাবারের তালিকা।

হেলসিঙ্কি অঞ্চলের খাবারের তালিকা তৈরি করবেন শেফ অ্যাডেলে কিনুনেন (Adele Kinnunen)। তিনি হেলসিঙ্কির ক্যাফে সাভয়ের প্রধান শেফ এবং ফিনল্যান্ডের মাস্টারশেফ প্রফেশনালস প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

অন্যদিকে, ট্যাম্পিয়ারের আয়োজনের খাবারের তালিকা তৈরি করবেন শেফ হেনরি টিকানেন (Henry Tikkanen)। তিনি রেস্তোরাঁ গোস্তার (Gösta)-এর সাথে যুক্ত এবং আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা বোকুস দ’অর-এ ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।

অতিথিরা খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি দেশটির প্রকৃতি, স্থানীয় উপাদান, ঐতিহ্য ও আঞ্চলিক খাদ্যসংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন।

কেন এ উদ্যোগ

এ আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি আলোচিত সামাজিক প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ (Sinkkukori)। ফিনিশ ভাষায় শব্দটির অর্থ সিঙ্গেলদের ঝুড়ি।

ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিরা কেনাকাটার সময় গোলাপি রঙের বিশেষ ঝুড়ি ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা অন্যদের জানান যে তাঁরা সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রবণতা জনপ্রিয়তা পাওয়ার পর সেই ধারণা থেকেই আন্তর্জাতিক পর্যায়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা করে ভিজিট ফিনল্যান্ড। আয়োজকদের মতে, মানুষের মধ্যে সম্পর্ক তৈরির অন্যতম মাধ্যম খাবার।

কারা আবেদন করতে পারবেন

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল প্রাপ্তবয়স্করা এ আয়োজনে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে—

  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা নেই।
  • আবেদনকারীকে সিঙ্গেল হতে হবে অথবা নতুন সম্পর্কের সম্ভাবনায় আগ্রহী হতে হবে।
  • ফিনল্যান্ডে বসবাসকারীরা আবেদন করতে পারবেন না।
  • আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে। দুজন মিলে একসাথে আবেদন করা যাবে না।
  • ইংরেজিতে কথা বলা ও বোঝার সক্ষমতা থাকতে হবে। কারণ পুরো আয়োজন পরিচালিত হবে ইংরেজিতে।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে হবে দুটি ধাপে।

প্রথম ধাপ: ভিডিও তৈরি ও প্রকাশ

প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—

“What would you serve on a dinner date, and why?”

অর্থাৎ, কারও সাথে নৈশভোজের আয়োজনে আপনি কী খাবার পরিবেশন করতে চাইবেন এবং কেন?

ভিডিওতে নিজের পছন্দ, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে হবে। এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। ভিডিওর সাথে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম অনুযায়ী ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে—

  • ইনস্টাগ্রাম: @ourfinland
  • টিকটক: @visitfinland.com
  • ইউটিউব: @VisitFinland

ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও প্রকাশ করলে প্রোফাইল সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিও ‘আনলিস্টেড’ হিসেবেও আপলোড করা যাবে।

দ্বিতীয় ধাপ: অনলাইন আবেদন ফরম পূরণ

ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ভিডিওর লিংক যুক্ত করতে হবে। শুধু ভিডিও প্রকাশ করলেই আবেদন সম্পন্ন হবে না; অনলাইন ফরমও জমা দিতে হবে।

আবেদনের ওয়েবসাইট: Visit Finland – Finnish Dinner Date।

আবেদনের শেষ সময় ও ফল ঘোষণা

আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার। ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে। নির্বাচিত ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগও করবে আয়োজক কর্তৃপক্ষ।

তবে এ আয়োজনের মাধ্যমে কাউকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে না আয়োজকেরা। নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, ফিনল্যান্ডের খাবার উপভোগ এবং দেশটির সংস্কৃতি ও প্রকৃতিকে কাছ থেকে জানার সুযোগ করে দেওয়াই এর মূল উদ্দেশ্য।