বিদেশি গ্র্যাজুয়েটদের জন্য গোল্ডেন ভিসার সুযোগ বাড়াল আমিরাত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
বিশ্বের মেধাবী আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসার সুযোগ সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এ উদ্যোগের আওতায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ পাবেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০-এর মধ্যে থাকা কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি স্নাতকে ন্যূনতম ৩.৫ জিপিএ থাকতে হবে এবং ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সত্যায়িত স্নাতক সনদ ও আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়ের সমমান সনদ জমা দিতে হবে।
এ ভিসার অন্যতম সুবিধা হলো, কোনো স্থানীয় নিয়োগকর্তা বা নাগরিকের স্পন্সরশিপ ছাড়াই ১০ বছর আমিরাতে বসবাস ও কাজ করা যাবে। ভিসাধারীরা নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুযায়ী স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা এবং গৃহকর্মীদেরও স্পন্সর করতে পারবেন। ভিসাটি নবায়নযোগ্য।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ আন্তর্জাতিক উচ্চশিক্ষার পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি বসবাস ও কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করতে পারে। তবে এ সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং, জিপিএ, ডিগ্রি অর্জনের সময়সীমা এবং সনদের স্বীকৃতিসহ নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। তাই বিদেশে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় এসব বিষয় বিবেচনায় রাখা জরুরি।



