আমেরিকার ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
আমেরিকা ভ্রমণের সময় ভিসার শর্ত লঙ্ঘনের বিষয়ে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। দেশটিতে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে কোনো বিদেশি নাগরিক সরকারি আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় দূতাবাস জানায়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর। তাই আমেরিকা যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়ম ও বিধিনিষেধ ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যেই আমেরিকা ত্যাগ করতে হবে। এ সময়সীমা যাচাইয়ের জন্য i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে B1/B2 ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে স্পষ্ট করা হয়। এতে বলা হয়, এ ধরনের ভিসায় ব্যবসায়িক বৈঠক, সভা ও চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও আমেরিকায় স্থায়ী চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ নেই। এ জন্য উপযুক্ত কর্মসংস্থান ভিসা নিতে হবে।
আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস।



