দক্ষিণ কোরিয়ার ৩০ সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাইরের ৩০টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ সুবিধা চালু করার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে এ সুবিধা পাবেন শুধু দক্ষিণ কোরীয় নাগরিকেরা। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় থাকছেন না।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে আঞ্চলিক ৩০টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে সরকার। পরিবারের আয় বা আর্থিক সামর্থ্য বিবেচনা না করেই এ সহায়তা দেওয়া হবে। তবে চিকিৎসা, দন্তচিকিৎসা, ফার্মেসি ও ভেটেরিনারি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না।
গত ২৮ আগস্ট দেশটির শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের বাজেটসংক্রান্ত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে। শুরুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও এ সুবিধার আওতায় আনা হবে। ২০৩০ সালের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থীর টিউশন ফি মওকুফের লক্ষ্য রয়েছে।
মূলত রাজধানীকেন্দ্রিক জনসংখ্যা, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের চাপ কমিয়ে দেশের অন্যান্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করছে, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি হলে তরুণেরা সিউলের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মজীবন গড়তে আগ্রহী হবেন।
এ কর্মসূচির আওতায় ২০২৭ সালে প্রায় ২১৩ বিলিয়ন কোরীয় ওন বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্যও সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে আঞ্চলিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা ৪ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করার প্রস্তাব রয়েছে।
তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন না। এ কারণে আঞ্চলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি ও আর্থিক সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে পাঠদান, নতুন আন্তবিষয়ক বিভাগ চালু এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফের এ কর্মসূচি প্রযোজ্য নয়। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের দক্ষিণ কোরিয়ায় পড়তে গেলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক টিউশন ফি, বৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তার সুযোগ আলাদাভাবে যাচাই করতে হবে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে দেশীয় শিক্ষার্থীদের ধরে রাখা এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতাও বাড়তে পারে। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, আবাসন, ভাষা শিক্ষা, একাডেমিক সহায়তা ও পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।



