ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দি, বাংলাদেশি তরুণদের ওপর চলে নির্মম নির্যাতন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ছাড়েন ১৭ বছর বয়সী এক তরুণ। কিন্তু সেই স্বপ্ন তাঁকে নিয়ে যায় লিবিয়ার মানবপাচারকারীদের হাতে। সেখানে প্রায় ছয় মাস ধরে আটকে রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ে ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য দেখানো হতো। টাকা দিতে না পারায় তাঁর একটি নখও উপড়ে ফেলে পাচারকারীরা।

সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই তরুণ। নিরাপত্তার কারণে তাঁর প্রকৃত নাম প্রকাশ না করে ‘রহিম’ ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

রহিমের বাড়ি মাদারীপুরের কালিকাপুর গ্রামে। ২০২৪ সালের ৩ মার্চ বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রথমে ঢাকা থেকে দুবাই, পরে মিসরের আলেকজান্দ্রিয়া হয়ে তাঁকে নেওয়া হয় লিবিয়ায়। লিবিয়ায় পৌঁছানোর আগে আলেকজান্দ্রিয়ার একটি বাড়িতে দুই থেকে চার দিন রাখা হয়েছিল তাঁকে। পরে সেখান থেকে লিবিয়ায় পাঠানো হয়।

১৪ মাসে তিনবার স্থান পরিবর্তন

ইতালিতে পৌঁছানোর আগে প্রায় ১৪ মাস লিবিয়ায় ছিলেন রহিম। এ সময়ে তাঁকে ত্রিপোলি, সাবরাথা ও জুওয়ারায় নেওয়া হয়। তাঁর ভাষ্য, লিবীয় পাচারকারীরা বাংলাদেশি দালালদের সহযোগিতায় তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিত।

প্রথমে ত্রিপোলির একটি বাড়িতে রাখা হয় তাঁকে। পরে এক ব্যক্তি তাঁকে সাবরাথায় নিয়ে যান। সেখানে ছোট একটি কক্ষে অনেক বাংলাদেশি তরুণ ও বয়স্ক ব্যক্তিকে আটকে রাখা হয়েছিল। তাঁদের খাবার দেওয়া হতো না, নিয়মিত মারধর করা হতো।

রহিম জানান, ওই বাড়িতে তিনজন লিবীয় নাগরিক ও একজন বাংলাদেশি দায়িত্বে ছিলেন। বন্দিদের কয়েকটি আলাদা কক্ষে ভাগ করে রাখা হয়েছিল।

মুক্তিপণ আদায়ে ভিডিও কলে নির্যাতন

সাবরাথায় আটকে থাকার সময় পাচারকারীরা তাঁদের পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে। এরপর নির্যাতনের দৃশ্য ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখিয়ে টাকা দাবি করা হতো।

রহিম বলেন, তাঁর পরিবারের কাছে প্রায় এক হাজার ইউরো দাবি করা হয়েছিল। সাত দিনের মধ্যে টাকা দিতে বলা হয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় নির্ধারিত সময়ে টাকা পাঠানো সম্ভব হয়নি। এরপর তাঁকে মারধর করা হয় এবং একটি নখ উপড়ে ফেলা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

তাঁর অভিযোগ, প্রায় ছয় মাস ধরে প্রতিদিনই তাঁদের ওপর নির্যাতন চালানো হতো। রাত ৩টার দিকে মারধর করে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ভিডিও কলে তা দেখানো হতো। তখন বাংলাদেশে সকাল ৭টা।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে

সাবরাথায় দীর্ঘ সময় আটকে থাকার পর ২০২৫ সালের জুনে রহিমসহ অন্য বাংলাদেশি অভিবাসীদের জুওয়ারায় নেওয়া হয়। সেখানে একটি মরুভূমি এলাকায় রাত কাটানোর পর তাঁরা হেঁটে একটি মসজিদে পৌঁছান। রহিমের ভাষ্য, সেখানে হাজারো বাংলাদেশি ছিলেন।

পরে জুওয়ারা থেকে কাঠের নৌকায় করে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। ২০২৫ সালের ৯ জুন ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে ৮৯ জন অভিবাসীকে উদ্ধার করে ইতালির আর্থিক পুলিশ বাহিনী গার্দিয়া দি ফিনানজা। তাঁদের মধ্যে ২৮ জন ছিলেন বাংলাদেশি। রহিমও তাঁদের একজন।

উদ্ধারের পর অভিবাসীদের ইতালির লাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়। সেখানে একটি স্থানীয় গির্জার সহায়তায় আশ্রয় পান তাঁরা।

২০২৫ সালে ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৭৯২। তাঁদের মধ্যে ১০ হাজার ৯৮৯ জনই ছিলেন বাংলাদেশি। এ তালিকায় বাংলাদেশিদের অবস্থান ছিল শীর্ষে। এরপর ছিলেন ইরিত্রিয়া ও মিসরের নাগরিকেরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার পথে মিসরের আলেকজান্দ্রিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিরতির স্থান। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের অনুসন্ধানেও এ তথ্য উঠে এসেছে।

পরিবারের জন্য উন্নত জীবনের স্বপ্ন

রহিমের মা মারা গেছেন। অসুস্থ বাবা ও বয়সে ছোট দুই ভাইকে নিয়ে তাঁর পরিবার। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করাই ছিল তাঁর ইউরোপযাত্রার প্রধান উদ্দেশ্য।

পাচারকারীরা যখন পরিবারের কাছে টাকা দাবি করছিল, তখন বাবাকে নির্যাতনের দৃশ্য দেখাতে চাননি রহিম। এ কারণে তিনি নিজের খালার ফোন নম্বর দিয়েছিলেন।

ইতালিতে পৌঁছানোর পর স্থানীয় একটি গির্জার ৮০ বছর বয়সী সিস্টার আউসিলিয়ার স্নেহ ও সহায়তা পেয়েছেন তিনি। রহিম তাঁকে মায়ের মতো মনে করেন। ইতালীয় ভাষার কিছু শব্দও শিখেছেন এই তরুণ।

এখন পড়াশোনা শেষ করে একটি চাকরি খুঁজে পরিবারের পাশে দাঁড়াতে চান তিনি। তাঁর ভাষায়, লিবিয়ায় বাংলাদেশিদের সঙ্গে কী ঘটে, তা বিশ্বের সবার জানা উচিত।

প্রকাশিত: ইনফোমাইগ্রেন্টস, ৩১ জুলাই ২০২৫; সর্বশেষ হালনাগাদ ২৯ অক্টোবর ২০২৫।