কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ, ১৪ অঞ্চলে বিদেশি কর্মী নেবে সরকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

কানাডার শ্রমিকসংকটে থাকা ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট (RCIP) কর্মসূচিকে স্থায়ী রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন কর্মসূচির আওতায় ২০২৭ সাল থেকে প্রাথমিকভাবে ১৪টি কমিউনিটিতে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ দিয়াব এ ঘোষণা দেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এসব অঞ্চলে কর্মীদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি করা হবে।

কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ কর্মসূচির আওতায় ৫ হাজার ৫০০ জন স্থায়ী অভিবাসী গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে কর্মসূচিটি আরও কিছু এলাকায় সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

যেসব অঞ্চলে সুযোগ মিলবে

প্রাথমিকভাবে ১৪টি কমিউনিটি এ কর্মসূচিতে অংশ নেবে। এগুলো হলো নোভা স্কশিয়ার পিকটো কাউন্টি; অন্টারিওর নর্থ বে, সাডবেরি, টিমিন্স, সল্ট স্টে মেরি ও থান্ডার বে; ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা/রাইনল্যান্ড ও ব্র্যান্ডন; সাসকাচোয়ানের মুজ জ এবং আলবার্টার ক্লেয়ারশোলম।

এ ছাড়া ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ এবং পিস লিয়াড অঞ্চলও কর্মসূচির আওতায় থাকবে।

আবেদনে যেসব যোগ্যতা লাগবে

এ কর্মসূচিতে আবেদন করলেই সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। আবেদনকারীকে অংশগ্রহণকারী এলাকার কোনো অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে। চাকরিটি সংশ্লিষ্ট কমিউনিটির নির্ধারিত অগ্রাধিকার খাত বা পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

কর্মসূচিটির অন্যতম বৈশিষ্ট্য হলো, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা ও স্থানীয় কমিউনিটি যৌথভাবে কাজ করবে। স্থানীয় কর্তৃপক্ষ নিয়োগকর্তার প্রয়োজন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে তাদের অনুমোদন দেবে। ফলে যেকোনো প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব পেলেই এ কর্মসূচিতে আবেদন করা যাবে না।

কানাডার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অংশগ্রহণকারী কমিউনিটিগুলোতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব নিয়োগকর্তা ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ জারি করেছেন।

এদিকে নতুন স্থায়ী কর্মসূচি চালুর সঙ্গে বর্তমান পরীক্ষামূলক কর্মসূচির কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারি শেষ হবে। তবে পুরোনো কর্মসূচির আওতায় ইতোমধ্যে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিক্রয় ও সেবাসহ শ্রমিকসংকটে থাকা বিভিন্ন পেশায় অভিজ্ঞদের সুযোগ রয়েছে। তবে আবেদনের আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির শর্ত এবং সরকারি যোগ্যতার মানদণ্ড যাচাই করা জরুরি।