আমেরিকায় ইন্টার্নশিপে মিলবে বিমানভাড়াসহ ১৫ হাজার ডলারের বেশি সুবিধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে আমেরিকার লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই)। ২০২৭ সালের এ ইন্টার্নশিপ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা টানা ১০ সপ্তাহ বিজ্ঞানীদের সঙ্গে গবেষণার সুযোগ পাবেন। এ জন্য ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার খরচ বাবদ এককালীন ১৩ হাজার ৬৩৯ ডলার দেওয়া হবে। পাশাপাশি যাতায়াতের বিমান টিকিট ও ভ্রমণ খরচের জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ ডলার দেওয়া হবে।

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের কাছে অবস্থিত লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আধুনিক গবেষণায় অংশ নেওয়া, বিজ্ঞানীদের কাছ থেকে শেখা এবং গ্রহবিজ্ঞান বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পান।

ইন্টার্নশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা

২০২৭ সালের এ ইন্টার্নশিপ কর্মসূচি আগামী ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। ১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা এলপিআই অথবা নাসার জনসন স্পেস সেন্টারে বিজ্ঞানীদের সঙ্গে গবেষণার সুযোগ পাবেন।

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার খরচ বাবদ এককালীন ১৩ হাজার ৬৩৯ ডলার দেওয়া হবে। এ ছাড়া রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং ভ্রমণ খরচ বাবদ অতিরিক্ত ১ হাজার ৫০০ ডলার দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

সব বিষয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং স্নাতক ডিগ্রিধারীরা এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। তবে ভৌত ও প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান কিংবা গণিত বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।

আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্নাতক পর্যায়ে কমপক্ষে ৫০ ক্রেডিট আওয়ার সম্পন্ন থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস, টোফেল অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় যেসব নথি জমা দিতে হবে—

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

  • ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।

  • দুটি রেফারেন্স লেটার।

আবেদনের শেষ সময়

এ ইন্টার্নশিপে আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দিতে এখানে ক্লিক করুন।

ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনের নির্দেশনা জানতে লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।