২১ জানুয়ারি ১,০২৬ ইউনিয়ন পরিষদে ভোট, নির্বাচন হবে পাঁচ ধাপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
নির্বাচনের তফসিল প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, সাধারণত ভোটগ্রহণের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপের প্রতিটি ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।



