যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির স্মরণে ইউএসএফ-এ শোকসভা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মর্মান্তিক মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ক্রিসেন্ট হিল এলাকায় আয়োজিত এক বিশাল শোকসভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়েছেন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এক শোকবার্তায় গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “নাহিদা ও জামিল ছিলেন আমাদের অনুকরণীয় শিক্ষার্থী। মেধা ও প্রাণচাঞ্চল্য দিয়ে তাঁরা ক্যাম্পাসে একটি সুন্দর কমিউনিটি গড়ে তুলেছিলেন। তাঁদের অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের সম্মানার্থে ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভে নাম খোদাই করা হবে এবং প্রতিবছর বিশেষ সভার মাধ্যমে তাঁদের স্মরণ করা হবে।
নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে এরই মধ্যে একটি ব্যক্তিগত তহবিল গঠন করা হয়েছে। এছাড়া মরদেহ দেশে পাঠানোসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ট্র্যাজেডির প্রেক্ষাপটে অফ-ক্যাম্পাস আবাসনগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শোকাহত শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং নাহিদা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়। এই ঘটনায় তাঁদের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট এবং অবৈধভাবে মৃতদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।



