ভারতের সাথে ভিসা জটিলতা দ্রুতই কাটছে, সুখবর দিলেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদের কথা জানান। তিনি বলেন, দুই দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুতই কেটে যাবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, সেখানে ক্ষমতার পরিবর্তন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ নির্বাচনে যে-ই জয়ী হয়ে ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ সবসময় নিজের জাতীয় স্বার্থ বজায় রেখেই ভারতের সাথে কাজ করে যাবে।”
পানি চুক্তি ও অন্যান্য ইস্যু গঙ্গার পানি চুক্তি এবং পুশ-ইন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ অত্যন্ত আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।
তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার বিষয়টি। চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক প্রয়োজনে যারা ভারতে যাওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের জন্য প্রতিমন্ত্রীর এই আশ্বাস একটি বড় সুসংবাদ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দুই দেশের জনগণের যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে।



