কুয়েতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন সিদ্ধান্ত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

কুয়েত সরকার বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত “ওয়াফেদ” কাঠামোর আওতায় প্রবাসীদের মেডিকেল পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

নতুন এই ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং কুয়েতে প্রবেশের আগে বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরিস্থিতি আরও নির্ভুলভাবে যাচাই করা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমাদ আল-আওয়াধি নতুন নিয়ম কার্যকরের নির্দেশ দিয়েছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের ক্লিনিক্যাল পরীক্ষা, ল্যাব টেস্ট, এক্স-রে, সংক্রামক রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক টিকাদানের ক্ষেত্রে আরও আধুনিক ও কঠোর মানদণ্ড অনুসরণ করা হবে।

এছাড়া বিদেশে থাকা অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভুয়া মেডিকেল রিপোর্ট বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ সনদ নিতে না পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে ইলেকট্রনিক সংযোগও বাড়ানো হয়েছে।

কুয়েত সরকার বলছে, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন কর্মী হিসেবে যারা কুয়েতে যেতে চান, তাদের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।

এদিকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।